হাসিনা নিজেই কেন লিখলেন এই আওয়ামী ট্র্যাজেডি?
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:১০ পিএম
শেখ হাসিনা। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সাদাকে সাদা এবং কালোকে কালো বলাই আমার সাংবাদিকতা। যারা আমার লেখা নিয়মিত পড়েন, তারা নিশ্চয়ই জানেন, আমি সব সময় ক্ষমতাকে প্রশ্ন করি। ভালো কাজের প্রশংসা এবং ভুল বা মন্দ কাজের সমালোচনা—এই দুয়ের ভারসাম্যেই আমার কলম চলে। বিবেকের স্বাধীনতায় আমি বিশ্বাস করি। যে বিবেক আমাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা দিয়েছেন, তার কাছে জবাবদিহির জায়গা থেকেই আমি কথা বলি, লিখি।
বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্রব্যবস্থা ও সমাজের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে যখন গভীরভাবে ভাবতে বসি, তখন একটি নির্মম বাস্তবতা চোখের সামনে বারবার ভেসে ওঠে—বাংলাদেশ আওয়ামী লীগের যে অপূরণীয় ক্ষতি শেখ হাসিনা করেছেন, ইতিহাসে তার নজির খুঁজে পাওয়া কঠিন। একটি ঐতিহাসিক রাজনৈতিক সংগঠনকে কীভাবে নিজস্ব নেতৃত্বের একগুঁয়েমি, প্রতিহিংসা ও অপরিণামদর্শী কৌশলের বলি বানানো যায়, তার সবচেয়ে করুণ ও ভয়াবহ দৃষ্টান্ত আজ আমাদের চোখের সামনে উন্মোচিত হয়েছে।
ভারত যে শেখ হাসিনাকে কিছুতেই ফেরত পাঠাবে না, সে বিষয়টি সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন ভারতের রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক অধ্যাপিকা শ্রীরাধা দত্ত। তার এই বক্তব্য নতুন কোনো চমক নয়; বরং দীর্ঘদিনের ভূরাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন।
কিন্তু তা সত্ত্বেও শেখ হাসিনা এবং তার পলাতক শীর্ষ নেতারা যেভাবে সহিংসতার উসকানি দিয়ে অনুসারীদের জ্বালাও-পোড়াও, ভাঙচুর, মানুষ হত্যা ও অরাজকতার দিকে ঠেলে দিচ্ছেন, তা দেশের শান্তিকামী প্রতিটি মানুষ অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। যে মানুষগুলো নিজেদের জীবন, জীবিকা ও পরিবারের নিরাপত্তাকে সবার আগে রাখেন, তারা যখন দেখেন একটি রাজনৈতিক শক্তি নিজেদের স্বার্থে রাষ্ট্রের শৃঙ্খলা ও সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিতে দ্বিধা করে না, তখন সেই শক্তির প্রতি মানুষের ভেতর থেকে তৈরি হওয়া গভীর বিতৃষ্ণা ও ক্ষোভ কোনোভাবেই চাপা থাকে না।
বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে পেছন ফিরে তাকালে দেখা যায়, রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রশ্নে শুরু থেকেই একটি নীতিগত বিতর্ক ছিল। অন্তর্বর্তী সরকার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিল, তখন বিএনপি এর বিরোধিতা করেছিল। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়টি জনগণের ওপর ছেড়ে দেওয়ার পক্ষে ছিল দলটি। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিপক্ষে বিএনপির শক্ত অবস্থান ছিল।
পরবর্তীতে রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠে, তখন সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। রাজনৈতিক ইতিহাসে এমন পদক্ষেপের দীর্ঘমেয়াদি অভিঘাত নিয়ে তর্ক-বিতর্ক থাকাটাই স্বাভাবিক। কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতির স্বার্থে নির্বাহী আদেশের পথ কতটা যুক্তিসংগত, সেই প্রশ্নটি তখন তীব্রভাবে সামনে এসেছিল।
সম্ভবত বাংলাদেশে আমিই একমাত্র রাজনৈতিক পর্যবেক্ষক ও কলামিস্ট, যিনি শুধু মৌখিক বিরোধিতাই করিনি, এ সিদ্ধান্তের বিপক্ষে কলমও ধরেছিলাম। পরবর্তীতে বর্তমান বিএনপি সরকার যখন সংসদে আইন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করল, তখনো আমি সেটির বিরোধিতা করেছি এবং বিএনপির আগের সেই নীতিগত অবস্থানই পুনরায় ব্যক্ত করেছি—নির্বাহী আদেশে বা আইনি কড়াকড়ির মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতান্ত্রিক সমাজের জন্য কখনোই কল্যাণকর নয়।
গণতন্ত্রে শেষ বিচারক হওয়া উচিত জনগণ ও ব্যালট। রাষ্ট্রযন্ত্রের শক্তি দিয়ে কোনো দলকে কাগজে-কলমে নিষিদ্ধ করা সহজ হতে পারে, কিন্তু প্রকৃত রাজনৈতিক পরাজয় ও জবাবদিহি আসে জনগণের রায় এবং গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই।
এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী একটি ঐতিহাসিক রাজনৈতিক দল। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য। ইতিহাসের এই অধ্যায় কেউ মুছে ফেলতে পারবে না, মুছে ফেলাও উচিত নয়। মুক্তিযুদ্ধের নেতৃত্ব, সংগ্রামের ত্যাগ এবং রাষ্ট্র গঠনের প্রাথমিক পর্বে এই দলের ঐতিহাসিক ভূমিকা বাঙালির জাতীয় ইতিহাসের অংশ হয়ে আছে।
কিন্তু সেই গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকার বহন করেও কীভাবে একটি দল ধীরে ধীরে গণতান্ত্রিক মূল্যবোধ থেকে বিচ্যুত হয়ে একচ্ছত্র কর্তৃত্ব ও সহিংসতার পথে হাঁটল, সেটাই আজ সবচেয়ে বড় বেদনা ও সমালোচনার বিষয়।
রাজনৈতিক উত্তরাধিকারের ধারাবাহিকতায় রাষ্ট্রক্ষমতায় এসে শেখ হাসিনা যেভাবে সাড়ে পনেরো বছর ক্ষমতাকে কুক্ষিগত করে কর্তৃত্বপরায়ণ শাসন কায়েম করেছিলেন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রতিবেশী ভারতের ইন্ধন ও উসকানিতে যে ধরনের শাসনব্যবস্থা জারি রেখেছিলেন, তা কোনোভাবেই একটি গণতান্ত্রিক সমাজের জন্য কল্যাণকর হতে পারে না।
গুম, খুন, বিরোধী মত দমনের নামে জঙ্গিবাদের তকমা দেওয়া, বিরোধী দলের আন্দোলন নস্যাৎ করার জন্য পরিকল্পিত অগ্নিসন্ত্রাসের নাটক সাজানো এবং সেসব অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিয়ে তাদের কারাগারে নিক্ষেপ করার মতো ঘটনাগুলো রাষ্ট্রীয় ও রাজনৈতিক পরিবেশকে চরম বিষাক্ত করে তুলেছিল।
রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারিক প্রক্রিয়াকে প্রতিপক্ষ দমনের হাতিয়ার বানিয়ে যেভাবে দীর্ঘদিন ধরে ভয় ও আতঙ্কের সংস্কৃতি জিইয়ে রাখা হয়েছিল, তা সমাজের ভেতরে গভীর ক্ষোভ ও অবিশ্বাসের জন্ম দিয়েছিল। পরিকল্পিত নিপীড়নের দিকেই যে তখন শেখ হাসিনার মনোযোগ কেন্দ্রীভূত হয়েছিল, এই নির্মম সত্য অস্বীকার করার কোনো সুযোগ নেই।
অবশ্য এটাও স্বীকার করতে হবে যে আমাদের গণতন্ত্র মোটেও ত্রুটিমুক্ত নয়। আন্তর্জাতিক সূচকেও বাংলাদেশ ত্রুটিপূর্ণ গণতন্ত্রের দেশ হিসেবে পরিচিত। সার্বিকভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেই গণতান্ত্রিক চর্চার যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়।
কিন্তু সেই ত্রুটিপূর্ণ গণতন্ত্র থেকে দেশকে যেভাবে চরম কর্তৃত্বপরায়ণ ও ফ্যাসিবাদী শাসনের দিকে নিয়ে যাওয়া হয়েছিল, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই শাসনের অবসান ঘটে। ওই অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয় এবং ২০ থেকে ২৫ হাজার মানুষ গুরুতর আহত হন—যা জাতিসংঘের স্বাধীন তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। ফলে বিষয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বাস্তবতা; এটি কোনো একক রাজনৈতিক দলের অভিযোগ কিংবা নিছক বক্তৃতার বিষয় নয়। হাজারো তরুণের রক্ত, অসংখ্য মায়ের বুক খালি হওয়ার কান্না এবং পঙ্গুত্বের যন্ত্রণা কোনো রাজনৈতিক ভাষ্যের আড়ালে চাপা দেওয়ার মতো নয়।
এমন একটি রক্তাক্ত ও সংবেদনশীল বাস্তবতায় দাঁড়িয়ে শেখ হাসিনা ডিসেম্বর ঘিরে দেশে ফেরার ঘোষণা দিয়ে যে সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের সূচনা করেছেন, তা সমাজকে আরও গভীর ক্ষতের মুখে ঠেলে দিয়েছে। জ্বালাও-পোড়াও, ভাঙচুর, প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যা, নিরীহ মানুষকে পুড়িয়ে মারা—এসব কর্মকাণ্ড দেশের মানুষকে চরমভাবে ক্ষুব্ধ করে তুলেছে।
যেসব মানুষ কদিন আগেও আওয়ামী লীগের প্রতি কিছুটা হলেও সহানুভূতিশীল ছিলেন, তারাও এ ধরনের অযাচিত, অযৌক্তিক ও অপ্রয়োজনীয় হামলা, ভাঙচুর, জ্বালাও-পোড়াও এবং নিরীহ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারেননি। নিরীহ মানুষের আর্তনাদ ও পোড়া গন্ধে যখন জনপদ ভারী হয়ে ওঠে, তখন কোনো রাজনৈতিক অজুহাতই মানুষের বিবেককে শান্ত করতে পারে না।
বিশেষ করে গোপালগঞ্জে যা ঘটেছে, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায়। অনেক পর্যবেক্ষকই এটিকে ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলের বর্বরোচিত কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করছেন। ইসরায়েলি বাহিনী যেমন আন্তর্জাতিক আইনকানুন লঙ্ঘন করে স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল ও শরণার্থী শিবিরে হামলা চালায়, তেমনি গোপালগঞ্জে হাসপাতালেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে—তাও একবার নয়, একাধিকবার।
প্রথম দিন হামলার পর রোগীরা ভয়ে পালিয়ে যান, আর পরের দিন হাসপাতালটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একাধিক পুলিশ স্টেশন ও পুলিশের বিভিন্ন যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি সেই আগুন নেভাতে ফায়ার সার্ভিসকেও বাধা দেওয়া হয়েছে। অসুস্থ ও অসহায় রোগীদের আশ্রয়স্থল হাসপাতালে আগুন দেওয়া এবং জীবন রক্ষাকারী ফায়ার সার্ভিসের পথ আটকে দেওয়ার মতো নিষ্ঠুরতা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না।
যুদ্ধাবস্থার মধ্যেও যেখানে এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক রীতিনীতিতে নিষিদ্ধ, সেখানে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে এমন বর্বরতার কী ব্যাখ্যা দেবে আওয়ামী লীগ? শেখ হাসিনাই-বা পৃথিবীর কাছে কী জবাব দেবেন? এমন কোনো যুক্তি বা ব্যাখ্যা কি আছে, যা পৃথিবীর কোনো সুস্থ ও স্বাভাবিক মানুষ গ্রহণ করতে পারে? যে কর্মকাণ্ড যুদ্ধের ময়দানেও যুদ্ধাপরাধের শামিল বলে বিবেচিত হতে পারে, তা নিজ দেশের মানুষের ওপর, নিজ দেশের স্থাপনা ও সেবাকেন্দ্রের ওপর চালানোর পেছনে কোনো নৈতিক বা রাজনৈতিক সাফাই টিকতে পারে না।
শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন না, সে কথা আমি তখনই আমার চ্যানেলে এবং লেখায় স্পষ্ট করে বলেছিলাম, যখন ড. মুহাম্মদ ইউনূসের সরকার তাকে প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে চিঠি লিখেছিল। সেদিনই আমি বলেছিলাম, ড. মুহাম্মদ ইউনূসের সরকার কেন, পৃথিবীর কোনো শক্তির পক্ষেই ভারতের হাত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সহজ নয়। বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে এই সত্যটি উপলব্ধি করতে খুব বেশি কল্পনার আশ্রয় নেওয়ার প্রয়োজন হয় না।
এর পেছনে গভীর কারণ রয়েছে। শেখ হাসিনা গত ১৫ বছরে ভারতকে যেভাবে সবকিছু উদারভাবে বিলিয়ে দিয়েছেন, বাংলাদেশের প্রশাসনের হস্তগত হলে তার সমস্ত হিসাব-নিকাশ বেরিয়ে আসবে। ফলে ভারত ও শেখ হাসিনার মুখোশ বিশ্ববাসীর কাছে নগ্নভাবে উন্মোচিত হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
প্রসঙ্গত স্মরণ করা যেতে পারে, শেখ হাসিনা দম্ভ করে বলেছিলেন, "আমি ভারতকে যা দিয়েছি, ভারত কখনো তা ভুলতে পারবে না কিংবা সারাজীবন মনে রাখবে।" অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, "দিল্লি আছে আমরা আছি, দিল্লি আছে ওয়াশিংটন আছে।"
তাদের এই পরনির্ভরতা ও ভারত-নির্ভরতা কোনো রাজনৈতিক অভিযোগ নয়; এটি এমন এক বাস্তবতা, যা দেশ ও দেশের বাইরে ব্যাপকভাবে আলোচিত ও প্রতিষ্ঠিত। রাষ্ট্রীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও স্বনির্ভরতার প্রশ্নে এই ধরনের প্রকাশ্য অতি-নির্ভরতা দেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর ক্ষত তৈরি করেছে।
ফলে ভারত কোনোভাবেই চাইবে না শেখ হাসিনাকে বাংলাদেশের বর্তমান কর্তৃপক্ষের কাছে তুলে দিতে। আর হাসিনা নিজেও জানেন, গত ১৫ বছরে তিনি যা করেছেন, তার হিসাব মেটাতে তাঁকে কী কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। তাই তিনি যে ফিরবেন না, এ কথা আমি সাম্প্রতিক লেখাতেও স্পষ্ট করেছি।
এমনকি সরকার যদি তার চাহিদামতো পাসপোর্টও দেয়, তবুও তিনি দেশে ফিরবেন না। আমার মতে, পাসপোর্ট চাওয়াটা তার একটি রাজনৈতিক কৌশল। এর মাধ্যমে তিনি নেতাকর্মীদের বোঝাতে চাইছেন যে তিনি তো আসতে চান, কিন্তু সরকার তাকে আসতে দিচ্ছে না। সুতরাং তোমরা সহিংসতা চালিয়ে যাও, জ্বালিয়ে-পুড়িয়ে সব শেষ করে দাও; নইলে তোমাদেরও রক্ষা নেই, আমারও রক্ষা নেই। নিজের নিরাপদ আশ্রয়ে বসে অন্যদের আগুনে ঝাঁপ দিতে প্ররোচিত করার চেয়ে নিষ্ঠুর রাজনৈতিক প্রতারণা আর কী হতে পারে?
এই কৌশলের মধ্য দিয়ে শেখ হাসিনা কার্যত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছেন এবং নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে তাদের লাশে পরিণত করতে চাইছেন। এর মাধ্যমে তিনি বিশ্ববাসীর কাছে নতুন করে একটি বয়ান তৈরি করার চেষ্টা করতে পারেন—জনগণ তাকে চায়, অথচ সরকার দমন-পীড়ন চালাচ্ছে ও মানুষ হত্যা করছে। সাধারণ কর্মীদের জীবন ও রক্তকে পুঁজি করে আন্তর্জাতিক সহানুভূতি ও রাজনৈতিক বয়ান তৈরির এই নির্মম খেলা মানবিকতার চরম অবমাননা ছাড়া আর কিছু নয়।
কিন্তু বিএনপি সরকারের রাজনৈতিক কৌশলের কাছে শেখ হাসিনার এই অপরিণামদর্শী কূটচাল ও কর্মকাণ্ড ইতোমধ্যেই বুমেরাং হয়েছে। দেশে ও বিদেশে শেখ হাসিনা তথা আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে, সহিংসতার পথ ছাড়তে না পারলে কোনো রাজনৈতিক সংগঠনই জনসমর্থন ধরে রাখতে পারে না।
ক্ষমতায় থাকতেও বিরোধী দলকে দমনের নামে যে সহিংস ও অগণতান্ত্রিক পথ অনুসরণ করা হয়েছিল, ক্ষমতার বাইরে থেকেও সেই একই নৃশংসতা অব্যাহত রাখায় দলটি দেশ ও আন্তর্জাতিক মহলে চরমভাবে নিন্দিত ও প্রশ্নবিদ্ধ হয়েছে। ক্ষমতা থাকুক বা না থাকুক, সহিংসতার প্রতি এই আসক্তি যে একটি রাজনৈতিক দলকে ভেতর থেকে ক্ষয় করে দেয়, আজ তার নির্মম পরিণতি দৃশ্যমান।
এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছেন, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না এবং এসব অপতৎপরতা দমনে জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি। এমন পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের স্বাভাবিক রাজনীতিতে ফেরার যে ক্ষীণ সম্ভাবনা ছিল, তা-ও আরও কঠিন ও অনিশ্চিত হয়ে পড়েছে।
সবচেয়ে বড় কথা হলো, শেখ হাসিনা ৫ আগস্ট দেশ ছেড়ে চলে গিয়ে নেতাকর্মীদের বিপদের মুখে ফেলেছিলেন। এরপর ডিসেম্বর ঘিরে দেশে ফেরার ঘোষণা দিয়ে দেশব্যাপী অস্থিতিশীলতা তৈরি, জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও মানুষ হত্যার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে নেতাকর্মীরা আবারও চরম বিপদে পড়েছেন।
সংকটের মুহূর্তে যে নেতৃত্ব কর্মীদের আগলে রাখার বদলে নিজে নিরাপদ দূরত্বে সরে গিয়ে তাদের ধ্বংস ও সংঘাতের মুখে ঠেলে দেয়, সেই নেতৃত্ব ইতিহাসের কাঠগড়ায় কখনোই রেহাই পায় না।
মোটকথা, এমন এক অবস্থান তৈরি হয়েছে, যেখানে মনে হয়—আমি যদি দলের নেতৃত্বে না থাকি, দলের ওপর আমার সরাসরি নিয়ন্ত্রণ না থাকে, তবে সেই দল অন্য কারও হাতে পড়ুক বা অন্য কেউ নেতৃত্ব দিক, সেটিও যেন তিনি মেনে নিতে পারছেন না। ক্ষমতার প্রতি এই একচ্ছত্র আসক্তি ও অনমনীয় মানসিকতা দলটিকে ইতিহাসের এক নির্মম বাস্তবতার মুখে ঠেলে দিয়েছে।
পরিশেষে বলতে চাই,শেখ হাসিনা ভালো করেই জানেন, তার সামনে ফিরে আসার পথ কতটা রুদ্ধ। অথচ দলকে বাঁচানোর পরিবর্তে সংঘাতের পথে ঠেলে দিয়ে তিনি যেন দলের অস্তিত্বকেই সংকটে ফেলেছেন। দুর্ভাগ্যজনকভাবে, এই বিপদজনক রাজনৈতিক কৌশল ও তার পরিণতির অন্তর্নিহিত সত্য তার অন্ধ অনুসারীরা কিছুতেই বুঝতে পারছেন না। এটাই আজকের সবচেয়ে বড় 'আওয়ামী ট্র্যাজেডি'। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাসিনা নিজেই কেন লিখলেন এই ট্রাজেডি?
লেখক:সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও সম্পাদক, আমার দিন।
ই-মেইল: [email protected]

