Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

অভিযুক্তের হুমকি ‘আরও র‍্যাগিং দরকার’

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৬ শিক্ষার্থীকে শোকজ

Advertisement

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০১:১৯ পিএম

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৬ শিক্ষার্থীকে শোকজ

নোটিশের পরও আরও র‍্যাগিং দরকার বলে, এক অভিযুক্তের বিতর্কিত মন্তব্য।

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চারুকলা বিভাগের এক শিক্ষার্থীকে র‍্যাগিং করার দায়ে অভিযুক্ত ছয় শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর অভিযুক্ত এক শিক্ষার্থী ভুক্তভোগীদের 'আরও র‍্যাগিং করা দরকার' বলে মন্তব্য করেছেন। 

লিখিত অভিযোগ দায়ের করার প্রায় এক মাস পর এবং অভিযোগ পুনর্বহালের আবেদনের প্রেক্ষিতে বুধবার (২২ অক্টোবর) প্রক্টর অফিস থেকে এই নোটিশ পাঠানো হয়।

র‍্যাগিং এর ঘটনার অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি অভিযুক্ত ও ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদ করলে সেখানে পূর্বের ৫ জনের সাথে নতুন করে চারুকলা বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সাফিন আরা পর্ণার  নাম উঠে আসে। পরবর্তীতে তাকেও কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। 

তবে কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর অভিযুক্ত সাফিন আরা পর্ণা ঘটনা অস্বীকার করার পাশাপাশি ভুক্তভোগীদের ‘আরও র‍্যাগিং করা দরকার’ বলে মন্তব্য করেছেন। 

এই বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষার্থী পর্ণার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের সাথে ষড়যন্ত্র করা হয়েছে। যেখানে র‍্যাগিংয়ের কোনো ঘটনা ঘটেইনি, সেখানে আমাদের সাথে ষড়যন্ত্র করে র‍্যাগিংয়ের দায় দেওয়া হয়েছে। আমি চাই তাদের (জুনিয়রদের) র‍্যাগিং আরও হোক। তাদের বেশি করে র‍্যাগিং দেওয়া দরকার। 

ভুক্তভোগী শিক্ষার্থী, চারুকলা বিভাগের ৫৩ ব্যাচের ছাত্র প্রান্ত রায় বলেন, পর্ণা আপু (সাফিন আরা পর্ণা) এর আগেও আমাদের বলেছেন, তোরা র‍্যাগিংয়ের কী দেখেছিস! তোদের ভালোভাবে র‍্যাগিং দিলে বুঝতে পারতিস। আমরা যা পেয়েছি, তোদের তার সিকি পরিমাণও দেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ছয় শিক্ষার্থীকে শোকজ করেছে তারা হলেন- ৪৯তম ব্যাচের ঐশী সরকার অথি, ৪৯তম ব্যাচের সাফিন আরা পর্ণা, ৫০তম ব্যাচের প্রমা রাহা, ৫১তম ব্যাচের আবদুল্লাহ আল নোমান, ওয়াদুদ আহমেদ সিজান ও এ এম হাবিব উসমান। অভিযুক্তদের মধ্যে ঐশী সরকার বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের সহ-সভাপতি (ভিপি) এবং প্রমা রাহা একই হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন।  

গত ২৭ আগস্ট চারুকলা বিভাগের চূড়ান্ত পরীক্ষা চলাকালে বিভাগের গ্যালারিতে এই র‍্যাগিংয়ের ঘটনা ঘটে। এর আগে অনুষদের ডিন অফিসের এক কর্মচারীর সাথে ৫৩তম ব্যাচের দুই ছাত্রীর কথা কাটাকাটিকে কেন্দ্র করে সিনিয়র শিক্ষার্থীরা তাদের ওপর ক্ষুব্ধ হন। 

প্রান্ত রায়ের অভিযোগ অনুযায়ী, পরীক্ষা চলাকালীন ৫১ ব্যাচের নোমান ও আরিয়ান তাকে ও তার সহপাঠীদের জোর করে জয়নুল গ্যালারিতে নিয়ে যান। সেখানে ৪৯ ব্যাচের ঐশী সরকার প্রান্তের চেহারা নিয়ে ব্যঙ্গ করে বলেন, ওর মুখটাই এমন, ও জন্ম থেকেই এমন, এমনই জন্মাইছে। অন্যদিকে ৫১ ব্যাচের সিজান তাকে লাথি মেরে ডিপার্টমেন্ট থেকে বের করে দেব বলে হুমকি দেন। এ ঘটনায় পরীক্ষার পরিবেশ বিঘ্নিত হয় এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে অভিযোগে উল্লেখ করেন।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী প্রান্ত রায় গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের পর চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীম রেজা এবং বিভাগের আরও দুই শিক্ষক (অধ্যাপক এম এম ময়েজউদ্দিন ও সহযোগী অধ্যাপক ধীমান সরকার) বিষয়টি বিভাগীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেন।

বিভাগীয় সমাধানের আশ্বাস পেয়ে প্রান্ত রায় প্রক্টর অফিস থেকে তার অভিযোগ প্রত্যাহারের আবেদন করেন। কিন্তু অভিযোগ প্রত্যাহারের ২০ দিন এবং ঘটনার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা বা সমাধান না হওয়ায়, প্রান্ত রায় গত ১৫ অক্টোবর প্রক্টর বরাবর তার অভিযোগটি পুনরায় বহাল রাখার আবেদন করেন।

এই আবেদনের প্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত ছয়জনকে শোকজ নোটিশ পাঠায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, র‍্যাগিংয়ের মতো ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি-র‍্যাগিং নীতিমালা অনুযায়ী তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম