বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর
Advertisement
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের জেব্রা ক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আরিফুল ইসলাম তারেক বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মারধরের অভিযোগ উঠেছে সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ সৌরভের বিরুদ্ধে।
ভুক্তভোগী আরিফুল ইসলাম তারেক বলেন, আমি ইউনিভার্সিটি ক্লাব থেকে ওষুধ কিনে ফিরছিলাম। ভিসি চত্বরে জেব্রা ক্রসিংয়ের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বাইক প্রায় আমার শরীরের সঙ্গে লাগিয়ে দিচ্ছিল। এতে আমি আতঙ্কিত হয়ে চিৎকার করি। আমার শব্দ শুনে বাইকটি থামে।
তিনি বলেন, এরপর বাইকে থাকা ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেন, ‘ব্যাক সাউন্ড দিলে কেন?’ আমি বলি, আমি ভয় পেয়েছি, এ রকম বলব না? তখন তিনি বলেন, ‘ব্রেনকে থামিয়ে রেখেছি, না হলে দেখতি।’ আমি বলি, নাহলে মারতেন? এরপর তিনি আমাকে বলেন, ‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না।’
আরিফুলের অভিযোগ, এরপর ওই ব্যক্তি তার কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখতে চান। তিনি পরিচয়পত্র বের করে দেখালেও সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
ভুক্তভোগী বলেন, এরপর সে আমার বাম কানে আট-দশটি থাপ্পড় দেয়। পরে মাথা ও মুখে একের পর এক ঘুসি মারতে থাকে।
এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
অভিযুক্ত মাহফুজ সৌরভের বক্তব্য জানতে চাইলে তিনি শুরুতে সাংবাদিকদের এড়ানোর চেষ্টা করেন। পরে তিনি বলেন, আমি তার (ভুক্তভোগীর) সঙ্গে কথা বলার পর সাংবাদিকের সঙ্গে কথা বলব।
ভুক্তভোগীকে মারধরের বিষয়ে এক পর্যায়ে তিনি বলেন, এটি একটি ছোটখাটো বিষয়। আমি তার (ভুক্তভোগীর) সঙ্গে কথা বলে কাল আপনাকে জানাব।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, আমাদের কাছে এ বিষয়ে একটি অভিযোগ এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, সিসিটিভি ফুটেজ দেখছি। পরে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

