মেয়াদ শেষের ১৭ দিন আগে চাকসু সদস্যের শপথ, নেপথ্যে কী?
Advertisement
চবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম
আকাশ দাশ।
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মেয়াদ শেষ হওয়ার মাত্র ১৭ দিন আগে নির্বাহী সদস্য হিসেবে শপথ নিয়েছেন আকাশ দাশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে আকাশ দাশকে শপথবাক্য পাঠ করান উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।
আকাশ দাশ ছাত্রশিবির-সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। তবে গত বছরের ২৪ অক্টোবর চাকসুর শপথগ্রহণ অনুষ্ঠানের এক দিন আগে ‘ধর্ষণ’ নিয়ে একটি বিতর্কিত পোস্ট দেওয়ার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাঁর শপথগ্রহণ স্থগিত করা হয়।
পরে ওই বিতর্কিত মন্তব্যের বিষয়ে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের ২১তম সভায় আকাশ দাশকে ‘ক্ষমা’ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের পর মঙ্গলবার তিনি শপথ নেন।
শপথ গ্রহণের বিষয়ে আকাশ দাশ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ তদন্তের পর আমাকে শপথ গ্রহণের সুযোগ করে দিয়েছেন। বিস্তারিত পরে জানাব।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত হয়েছে। একবারে শপথ গ্রহণ না করানোর চেয়ে করানো ভালো।

