Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো ও রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পিএম

তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবর রহমানকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে হামলার ঘটনা তদন্তে গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আন্দোলনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে রাবি উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান, যা মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

উপাচার্য বলেন, আমরা আশা করছি ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাব। প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা হবে। এরপর জরুরি সিন্ডিকেট সভা ডেকে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনের সিদ্ধান্তের ওপর আপনারা আস্থা রাখুন।

তিনি আরও জানান, তদন্তে শনাক্ত অপরাধীদের প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হবে এবং থানায় করা মামলার অভিযোগপত্রে (চার্জশিট) তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া ঘটনার পেছনে ইন্ধন ও উসকানিদাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা। জড়িতদের নাম উল্লেখ না করার প্রতিবাদে সোমবার সন্ধ্যা ৭টা থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। একপর্যায়ে ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হলে ভেতরে উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।

আন্দোলনকারীদের উত্থাপিত ৬ দফা দাবিগুলো হলো—

১. চিহ্নিত হামলাকারীদের নাম উল্লেখ করে মামলা ও মঙ্গলবারের মধ্যে তাদের গ্রেফতার নিশ্চিত করা;

২. জড়িতদের তাৎক্ষণিক সাময়িক বহিষ্কার করা;

৩. তিন দিনের মধ্যে তদন্ত শেষ করে শুক্রবারের মধ্যে জরুরি সিন্ডিকেট সভা ডেকে দোষীদের স্থায়ী বহিষ্কার করা;

৪. যাদের ছাত্রত্ব নেই, তাদের একাডেমিক সনদ বাতিলসহ ক্যাম্পাসে আজীবন প্রবেশ নিষিদ্ধ করা;

৫. শহীদ জিয়াউর রহমান হলের সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগে সংশ্লিষ্ট প্রাধ্যক্ষকে অব্যাহতি দিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া; এবং

৬. হামলার সময় উপস্থিত থেকেও নিষ্ক্রিয় ভূমিকা পালন করায় প্রক্টর ও সহকারী প্রক্টরদের পদত্যাগ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত ১১টার দিকে আন্দোলনকারী সাংবাদিক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে প্রশাসন। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা আলোচনা শেষে রাত সোয়া ১টায় উপাচার্য প্রাধ্যক্ষকে অব্যাহতির ঘোষণাসহ অন্যান্য আশ্বাস দেন।

বৈঠক শেষে রাবি সাংবাদিক সমিতির সভাপতি মীর কাদির ব্রিফিংয়ে বলেন, আমরা ছয় দফা দাবি জানিয়েছিলাম। প্রশাসন একটি দাবি তাৎক্ষণিকভাবে মেনে নিয়ে প্রাধ্যক্ষকে অব্যাহতি দিয়েছে এবং বাকি পাঁচটি বাস্তবায়নে তিন দিন সময় নিয়েছে। আমরাও প্রশাসনকে তিন দিন সময় বেঁধে দিয়েছি। এই সময়ে রাবির কোনো ধরনের সংবাদ সাংবাদিকরা পরিবেশন করবেন না। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

হামলার আগে সশস্ত্র মহড়া জানত হল প্রশাসন

সাংবাদিকদের ওপর হামলার আগে দেশীয় অস্ত্র নিয়ে হলের সামনে অবস্থানের বিষয়টি হল প্রশাসন অবগত ছিল বলে স্বীকার করেছেন সদ্য পদত্যাগী প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবর রহমান। তার দাবি, অস্ত্রধারীদের সরে যাওয়ার জন্য একাধিকবার অনুরোধ করা হলেও তারা কথা শোনেনি। এর কিছুক্ষণ পরই সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

অব্যাহতি পাওয়া প্রাধ্যক্ষ মাহবুবর রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমি ব্যক্তিগতভাবে তাদের একাধিকবার সরে যাওয়ার অনুরোধ করেছিলাম; কিন্তু তারা আমাদের কোনো কথাই শোনেনি।

যেভাবে হামলার সূত্রপাত

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যকার সামাজিক যোগাযোগমাধ্যমের পাল্টাপাল্টি পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে গত ৪ অক্টোবর দিনভর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যে রাকসুর সাবেক সহ-সাংস্কৃতিক সম্পাদক ও শিবির নেতা রাকিবুল ইসলাম পরিবহণ মার্কেট এলাকায় ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিপক্ষকে আসার চ্যালেঞ্জ জানান। নির্ধারিত সময় শেষে তিনি স্থান ত্যাগ করার পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পরিবহণ মার্কেট এলাকায় জড়ো হন। পরে শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাবেক জিএস আরিফুল ইসলামকে খুঁজতে তারা হলের দিকে অগ্রসর হন।

খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা সেখানে উপস্থিত হন। হলের সামনে অস্ত্রধারী মহড়ার ভিডিও ধারণ করার সময় দৈনিক সমকালের রাবি প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজুকে বেধড়ক মারধর করা হয়। এ সময় আজকের পত্রিকার প্রতিনিধি দীন ইসলামের মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আরিফ-উজ-জামান কুরবানকে বেধড়ক পেটানো হয়।

সহকর্মীদের ওপর হামলার খবর পেয়ে ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল ও আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে মারধরের কারণ জানতে চাইলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়ে রক্তাক্ত জখম করে।

প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ছাত্রদলের নেতাকর্মীদের হাতে রামদা, চাপাতি, হকিস্টিক, জিআই পাইপ ও স্টাম্পসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। অস্ত্রধারীদের মহড়ার সময় প্রক্টরিয়াল বডি এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

আন্দোলনকারীদের অভিযোগ, সাংবাদিকদের ওপর যখন সশস্ত্র হামলা শুরু হয়, তখন প্রক্টর, সহকারী প্রক্টর ও দায়িত্বরত পুলিশ সদস্যরা নীরব দর্শকের ভূমিকা পালন করেন এবং দ্রুত সেখান থেকে সরে যান।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম জানান, হামলার ঘটনার পাশাপাশি প্রশাসনের দায়িত্বে অবহেলার অভিযোগটিও তদন্ত করা হবে। তদন্তে কারও গাফিলতি প্রমাণিত হলে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্বাচন এলেই প্রার্থী হন ইসরাফিল, এবার...

নির্বাচন এলেই প্রার্থী হন ইসরাফিল, এবার...

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মামলা না তুললে মেরে গুম করে ফেলব

রাজশাহীতে বাদীর বাড়িতে ওসিসহ দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা মামলা না তুললে মেরে গুম করে ফেলব

সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই: ভূমিমন্ত্রী

সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই: ভূমিমন্ত্রী

রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের শুনানি বৃহস্পতিবার

রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের শুনানি বৃহস্পতিবার

আরও পড়ুন

আড়াই বছর পর উৎপাদনে যমুনা সার কারখানা, চাপ নিয়ে শঙ্কা কাটেনি

আড়াই বছর পর উৎপাদনে যমুনা সার কারখানা, চাপ নিয়ে শঙ্কা কাটেনি

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম