দেশের দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন
Advertisement
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম
১৮তম বারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব অর্জন করেছেন শিরিন আক্তার। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬-এ নারীদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়ে ১৮তম বারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব অর্জন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী শিরিন আক্তার।
শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১২.০৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে প্রথম হন শিরিন। ১২.২৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন। অন্যদিকে, ১২.৩৩ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হন বাংলাদেশ নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান।
শুক্রবার বিকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
নিজের খেলাধুলা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শিরিন আক্তার বলেন, আমি আমার খেলাধুলা এভাবেই চালিয়ে যেতে চাই। বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ে স্পোর্টস সায়েন্সে মাস্টার্স করছি। সেখানে উপাচার্য স্যারসহ অন্যান্য শিক্ষক ও কোচ সবসময় আমাকে সহযোগিতা করেন। এ ছাড়া, মাস্টার্স শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে পিএইচডি করতে যেতে চাই। এ লক্ষ্যে বর্তমানে আমার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত মে মাসে অনুষ্ঠিত ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১২.১০ সেকেন্ডে (ইলেকট্রনিক সময়) দৌড় শেষ করে টানা ১৭তম বারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব জিতেছিলেন শিরিন আক্তার। এবার ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে সেই কৃতিত্ব ছাড়িয়ে ১৮তম বারের মতো এ খেতাব অর্জন করলেন তিনি।
