ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আগামীকাল সোমবার থেকে মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে। তবে কলেজগুলো খুলবে ১ নভেম্বর।
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি শেষে আগামীকাল সোমবার থেকে মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে। তবে কলেজগুলো খুলবে ১ নভেম্বর।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
এর আগে ১৮ অক্টোবর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হয়। ছুটির আগে সাপ্তাহিক বন্ধ থাকায় ১৬ অক্টোবর শ্রেণি কার্যক্রম শেষ করে ছুটিতে যান শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে এবার সরকারি-বেসরকারি কলেজগুলোতে সবচেয়ে বেশি ছুটি রয়েছে।
এদিকে, ১৬ অক্টোবর সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শেষ হলেও ১৮ অক্টোবর অফিস খোলা ছিল। সেদিন দাপ্তরিক কার্যক্রম চলেছে। গত ১৫ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছিল।
বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণে দেখা যায়, সরকারি-বেসরকারি কলেজগুলোতে সাপ্তাহিক ছুটিসহ অক্টোবরে মোট ২০ দিন ছুটি রয়েছে। এর মধ্যে দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটির আগে ও পরে সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় কলেজগুলোতে টানা ১৬ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া অক্টোবরে আরও চার দিন সাপ্তাহিক ছুটি রয়েছে। সব মিলিয়ে সরকারি-বেসরকারি কলেজগুলোতে অক্টোবরে ১০ দিন শ্রেণি কার্যক্রম চলার কথা। ছুটি শেষে আগামী ১ নভেম্বর কলেজগুলোতে শ্রেণি কার্যক্রম শুরু হবে।
সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছিল। এর সঙ্গে ছুটির আগে ও পরে সাপ্তাহিক বন্ধ এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হয়। ফলে টানা ১০ দিনের ছুটি শেষে আগামীকাল থেকে বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম শুরু হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ছিল। এর সঙ্গে ছুটির আগে ও পরে সাপ্তাহিক বন্ধ এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় এসব বিদ্যালয়েও টানা ১০ দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার শ্রেণি কার্যক্রম শুরু হবে।
মাদ্রাসাগুলোতে ছুটি শেষে রোববার থেকে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। মাদ্রাসাগুলোতে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ছুটি ছিল পাঁচ দিন।
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ছিল। এর সঙ্গে ছুটির আগে ও পরে সাপ্তাহিক বন্ধ এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় এসব প্রতিষ্ঠানেও টানা ১০ দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার শ্রেণি কার্যক্রম শুরু হবে।
