দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জবিতে মানববন্ধন, র্যালি ও সমাবেশ
জবি প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মানববন্ধন, র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মানববন্ধনের মধ্য দিয়ে এসব কর্মসূচি শুরু হয়।
এরপর উপাচার্যের নেতৃত্বে র্যালি বের হয়। র্যালিটি রায়সাহেব বাজার ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, শিক্ষক সমিতি, ইউট্যাব ও সাদা দলের নেতা, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তর প্রধান, সহকারী প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ ছাড়া কর্মকর্তা সমিতি, জকসু, ক্রিয়াশীল ছাত্রসংগঠন, সাংবাদিক সংগঠন এবং বিশ্ববিদ্যালয় কর্মচারী ও সহায়ক কর্মচারী সমিতির প্রতিনিধিরাও র্যালিতে অংশ নেন।
র্যালি শেষে সকাল সাড়ে ১০টায় ভাষা শহিদ রফিক ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপাচার্য, কোষাধ্যক্ষ ছাড়াও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) সহ-সভাপতি মো. রিয়াজুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জবি শাখার সভাপতি আব্দুল আলিম আরিফ, জাতীয় ছাত্রশক্তি জবি শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জবি শাখার পক্ষে আসিফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জবি শাখার সভাপতি হাফেজ আশিকুর রহমান আকাশ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি সজিব ইসলামসহ অন্যান্যরা।
সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বিগত সতেরো-আঠারো বছরের শাসনামলে দেশে ভিন্নমত দমন, জুলুম, অত্যাচার ও নানা ধরনের অনিয়ম-অবিচারের ঘটনা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও এসবের প্রভাব প্রত্যক্ষ করা গেছে। শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, শিক্ষাজীবন ব্যাহত করা এবং সহিংসতার মতো ঘটনাগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, নৈরাজ্য-কে ‘না’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়।

