নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ
শরীফুল ইসলাম, জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ০১:৩০ এএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল শিউলিমালা হল লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিক্ষেপ করা পেট্রোল বোমাটি হলের সীমানাপ্রাচীরে লেগে বাইরে বিস্ফোরিত হয়। এতে দেয়ালের বাইরে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে হঠাৎ কাঁচ ভাঙার মতো শব্দ শুনতে পান তারা। শব্দ শুনে বাইরে তাকালে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে চলে যেতে দেখেন। কিছুক্ষণ পর পেছনে তাকিয়ে হলের সীমানাপ্রাচীরের পাশে আগুন জ্বলতে দেখতে পান তারা। এ সময় পেট্রোলের গন্ধও ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি উপস্থিত শিক্ষকদের জানালে তারা সংশ্লিষ্টদের ফোন করে অবহিত করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পেট্রোল বোমাটি হলের সীমানাপ্রাচীর ও দেয়ালে আঘাত করায় বিস্ফোরণটি হলের বাইরে ঘটে। ফলে আগুনও দেয়ালের বাইরে ছড়িয়ে পড়ে। মেয়েদের আবাসিক হলকে লক্ষ্য করে এমন ঘটনা ঘটায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

