জবির পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ১২:৫০ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন বিভাগের অ্যালামনাইরা। প্রাথমিকভাবে কমিটির আহ্বায়ক হিসেবে ২০০১-২০০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম রফিক এবং সদস্যসচিব হিসেবে ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল খায়ের ফরাজিকে মনোনীত করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ তারেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষণা অনুযায়ী গত ২৮ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অ্যালামনাইদের অংশগ্রহণে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ তারেক। সভায় বিভিন্ন শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. আবু সাইদ মো. রিপন রউফ, সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ এবং সহকারী অধ্যাপক সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
সভায় পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত অ্যালামনাইরা গঠনতন্ত্রের বিভিন্ন ধারা ও বিষয় নিয়ে মতামত ও পরামর্শ দেন। পাশাপাশি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কাঠামো, পরিচালনা পদ্ধতি, ভবিষ্যৎ কার্যক্রম এবং লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনা শেষে গঠনতন্ত্র চূড়ান্ত করা এবং পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে রফিকুল ইসলাম রফিককে আহ্বায়ক এবং আবুল খায়ের ফরাজিকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
সভায় আগামী ৭ ডিসেম্বরের মধ্যে আরও ৯ জন সদস্য অন্তর্ভুক্ত করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

