Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

কার্যাদেশের অপেক্ষায় ডেমরার দুই কুরবানির পশুর হাট

Advertisement

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১০:৪৯ পিএম

কার্যাদেশের অপেক্ষায় ডেমরার দুই কুরবানির পশুর হাট

Advertisement

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে কার্যাদেশের অপেক্ষায় আছে দুই কুরবানির পশুর হাট কর্তৃপক্ষ। তবে বেশ উৎসাহ-উদ্দীপনার মধ্যেই সংশ্লিষ্টরা আনুষঙ্গিক সব প্রস্তুতি ও হাটের জন্য প্রয়োজনীয় সব মালামাল ক্রয় করে রেখেছেন। কার্যাদেশ পেলেই পশু বিক্রির জন্য উপযোগী করে হাট প্রস্তুত করবেন সংশ্লিষ্টরা। 

তবে এরই মধ্যে হাটে বালু ফেলা, বাঁশ ক্রয়, বৃষ্টি এড়াতে ত্রিপল, হাটে ড্রেনেজ ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন প্রস্তুতি ও ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে হাট কর্তৃপক্ষ।

প্রতি বছরের মতো এবারও রাজধানীর ডেমরায় বসতে যাচ্ছে অস্থায়ী বড় পশুর হাট আমুলিয়া মডেল টাউন গরুর হাট। একই সঙ্গে প্রস্তুতি নিয়েছে ৮৬ বছরের ঐহিত্যবাহী সারুলিয়া গরুর হাট কর্তৃপক্ষ। তবে এবার সারুলিয়া পশুর হাটটি বিজ্ঞপ্তি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রধান সম্পত্তি বিভাগ। এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী ডিএসসিসি হাটগুলোর বাইরে যাদি কেউ ডিএসসিসির অন্তর্ভুক্ত এলাকায় কুরবানির ঈদ উপলক্ষ্যে পশু বিক্রির ব্যবস্থা করে সেক্ষেত্রে খাস আদায় করবে কর্তৃপক্ষ। তবে হাট-বাজার বিধিমালা অনুযায়ী যদি কেউ বিজ্ঞপ্তির বাইরে অস্থায়ী পশুর হাট বসাতে চায় সেক্ষেত্রে সম্পত্তি বিভাগ তাদের প্রস্তাব বিভাগিয় কমিশনার বরাবর পাঠাবে। যদি বিভাগীয় কমিশনারের অনুমোদন পাওয়া যায় সেক্ষেত্রে ওইসব হাট থেকে খাস আদায় করবে ডিএসসিসি। তাই সারুলিয়া পশুর হাটটি চলার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত দিতে পারেনি ডিএসসিসির সম্পত্তি বিভাগ। এদিকে এ বছর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জনদুর্ভোগপ্রবণ এলাকায় কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছে ডিএসসিসি।  

এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্তকর্তা মো. জহিরুল ইসলাম যুগান্তরকে বলেন, রাজধানীর ডেমরায় আমুলিয়া মডেল টাউন হাটটি যথারীতি অস্থায়ী হিসেবে কুরবানির পশু বিক্রি করবে। তবে সারুলিয়া গরুর হাটের জায়গা পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত বলে তাদের আপত্তি অনুযায়ী ডিএসসিসির বিজ্ঞপ্তি থেকে ওই হাটটি বাদ দেওয়া হয়েছে। তবে এখানে সারাবছরই হাট বসে বিধায় সেখান থেকে আমরা খাস আদায় করি। যদি সেখানে কেউ গরু বিক্রি করে তাহলে যথারীতি খাস আদায় করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর ডেমরায় আমুলিয়া মডেল টাউন গরুর হাটের ইজারা পেয়েছেন সাবেক ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সহ-সভাপতি ও ডেমরা থানা বিএনপির সাবেক সভাপতি মো. জয়নাল আবেদীন রতন। এবার ওই হাটটি ২ কোটি ১৫ লাখ টাকা ইজারা মূল্য নির্ধারণ করেছে ডিএসসিসি। এর সঙ্গে ভ্যাটসহ আনুষঙ্গিক ব্যয় যুক্ত হবে। আর সারুলিয়া পশুর হাটে যদি পশু বিক্রি সম্ভব হয় সেক্ষেত্রে শুধু খাস আদায় করবে ডিএসসিসি।

 সূত্রে আরও জানা গেছে, ডেমরার সীমানা অন্তর্ভুক্ত ও ডিএসসিসির ৭০ এবং খিলগাঁও থানাধীন ৭৫ নম্বর ওয়ার্ডের ত্রিমহোনী এলাকায় এ বছর প্রথম অস্থায়ী পশুর হাট বসতে যাচ্ছে। আমিন মোহাম্মদ গ্রুপের গ্রিন বনশ্রী প্রজেক্টে এ হাটের প্রস্তুতি চলছে পুরোদমে। এখানেও ডিএসসিসির কার্যাদেশের অপেক্ষায় রয়েছে হাট কর্তৃপক্ষরা। ওই হাটটি ডেমরার মোস্তমাঝির মোড় হয়ে ডিএসসিসির ৭৫ নম্বর ওয়ার্ডের গৌড়নগর, নাসিরাবাদ ও ডেমরার উত্তর দুর্গাপুর এলাকা মিলে হতে যাচ্ছে। হাটের ইজারা পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ডিএসসিসির ৪নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর মো. গোলাম হোসেন। হাটটিতে এবারের ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ লাখ ২০ হাজার টাকা। এর সঙ্গে ভ্যাট ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যয় যুক্ত হবে।

সরেজমিন দেখা গেছে, ডেমরা ও গ্রিন বনশ্রী প্রজেক্টসহ ৩টি হাটেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন কার্যাদেশ হলেই পশু বিক্রির জন্য হাট প্রস্তুত করবে কর্তৃপক্ষরা। ডেমরার অমুলিয়া মডেল টাউন হাটের মধ্যে বাঁশ ফেলে রাখা হয়েছে। তবে স্টেজ কাঠামো প্রস্তুত সম্পন্ন হয়েছে। ডেমরা-রামপুরা সড়ক ঘেষা এ হাটটিতে যাতায়াত ব্যবস্থা খুবই চমৎকার। ভেতরে পরিবেশ বরাবরের মতোই মনোরম। এখানে ড্রেনেজ ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন, বৃষ্টি এড়াতে ত্রিপল ব্যবস্থা, বিক্রেতাদের থাকা-খাওয়ার সুব্যবস্থা, ব্যাংকিং সুবিধায় ব্যাংক বুথ স্থাপন ও সব প্রকার নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে হাটটিতে মহিলা ও বাচ্চাসহ পারিবারের সদস্যদের নিয়ে সুশৃঙ্খলভাবে পশু ক্রয় করতে পারবেন ক্রেতারা। 

এদিকে সারুলিয়া পশুর হাটেও প্রস্তুতি চলছে একই নিয়মে। পাশাপাশি গ্রিন বনশ্রী প্রজেক্টে নতুনভাবে প্রথম হাট অনুষ্ঠিত হচ্ছে বলে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে সংশ্লিষ্টদের মধ্যে।

এ বিষয়ে আমুলিয়া মডেল টাউন হাটের ইজারাদার জয়নাল আবেদীন রতন মোবাইল ফোনে যুগান্তরকে বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা এ হাটটিতে কুরবানির পশু বিক্রি করব ইনশাআল্লাহ। তবে এ বছর অন্তত ১০ হাজার পশু বিক্রির আশা করছি। বিশেষ করে আমুলিয়া মডেল টাউনের খোলামেলা জায়গায় ক্রেতারা বেশ স্বাচ্ছন্দ্যে পছন্দের পশু ক্রয় করতে পারেন। তাছাড়া ঢাকা ও আশপাশের এলাকা থেকে অতি অল্প সময়ের মধ্যে এ হাটে আসার সুব্যবস্থা রয়েছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম