ডেমরায় ১০ বছরের শিশু ধর্ষণচেষ্টায় গ্রেফতার ১
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ডেমরায় ২০০ টাকা হাতে দিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় গ্রেফতার মো. রুবেল মিয়াকে (৩২) মঙ্গলবার বিকালে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ডেমরার শুকুরসী এলাকা থেকে লম্পট রুবেলকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ।
গত ২৯ আগস্ট দুপুর ২টার দিকে ডেমরার শুকুরসী এলাকার মাহবুবুর রহমানের বাড়ির চারতলায় এ ঘটনা ঘটে। গ্রেফতার রুবেল ওই ভবনের দ্বিতীয়তলার ভাড়াটিয়া ও দিনাজপুরের বীরগঞ্জ থানার দেউলি গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে। আর পলাতক শাহিন একই এলাকার শফিকুর রহমানের বাড়ির ভাড়াটিয়া ও ময়মনসিংহের নান্দাইল থানার দরুয়া খামারগাঁও গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
এ বিষয়ে সোমবার রাতে ডেমরা থানায় ভুক্তভোগীর মা গ্রেফতার রুবেল মিয়াসহ অভিযুক্ত শাহিনের (২৭) বিরুদ্ধ ডেমরা থানায় মামলা করেন।
বাদী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান জানান, প্রতিবেশী ও ভালো সম্পর্কের সুবাদে ভুক্তভোগী ওই মেয়েটি মাঝে মধ্যেই অভিযুক্ত রুবেলের বাসায় গিয়ে তার মেয়ের সঙ্গে খেলা করত। রুবেল তার ভাড়া বাসার নিচে মুদি দোকানের ব্যবসা করেন।
গত ২৯ আগস্ট দুপুর ২টার দিকে মেয়েটি দুধ কেনার জন্য রুবেলের দোকানে আসে। এ সময় রুবেল মেয়েটির হাতে ২০০ টাকা দিয়ে তার ভবনের উপরে নিয়ে যেতে চাইলে মেয়েটি অস্বীকৃতি জানায়। পরবর্তীতে ওই দোকানে অবস্থানরত লম্পট শাহিনকে নিয়ে রুবেল মেয়েটির হাত চেপে ধরে চারতলায় নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় চিৎকার চেঁচামেচিতে তারা পালিয়ে গেলে দ্রুত বাড়ি ফিরে আসে মেয়েটি।
