ডেঙ্গু ঠেকাতে পুরান ঢাকায় পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক
Advertisement
পুরান ঢাকা প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ডেঙ্গু মশার বিস্তার রোধ ও নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পুরান ঢাকায় পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (৫ অক্টোবর) ঢাকা-৬ আসনের আওতাধীন সূত্রাপুর থানার ৪৩ নম্বর ওয়ার্ড এবং কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ডে বিভিন্ন সড়ক ও গলি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এ সময় প্রতিমন্ত্রী নিজেও সড়ক ও ড্রেন পরিষ্কারের কাজে অংশ নেন।
অভিযানকালে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে নগরবাসীকে রক্ষা করতে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন। এটি কেবল সরকারি কোনো নিয়মিত কর্মসূচি নয়, বরং প্রতিটি নাগরিকের সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করার একটি সামাজিক আন্দোলন। শুধু প্রশাসনিক উদ্যোগে মশা সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, এর জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার বাসিন্দাদের সচেতন ভূমিকা রাখা জরুরি।’
তিনি আরও বলেন, ‘সড়ক, ড্রেন ও উন্মুক্ত স্থানের পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি প্রত্যেকে যেন নিজ নিজ বাসাবাড়ির চারপাশ, ছাদ, ফুলের টব ও গ্যারেজে পানি জমতে না দেন—সেদিকে খেয়াল রাখতে হবে। জমা পানিই এডিস মশার মূল বংশবিস্তারের কেন্দ্র। প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসের এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নগরী উপহার দেওয়া সম্ভব হবে।’
পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়াসহ স্থানীয় যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ সময় নেতাকর্মীরা এলাকার বিভিন্ন সড়ক ঝাড়ু দেওয়া, ড্রেনের জমে থাকা বর্জ্য অপসারণ এবং এডিস মশার প্রজনন হতে পারে এমন সম্ভাব্য স্থানে ওষুধ প্রয়োগসহ পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করেন।
প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চালানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
