জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উদ্যোগে শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে সড়ক নিরাপত্তা-বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সদর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক গৃহীত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা তৈরি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য ও সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা আক্তার, বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, ঢাকা মেট্রো-২ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জাহাঙ্গীর আলম, মোটরযান পরিদর্শক মোহাম্মদ রানা, ট্রাফিক ইন্সপেক্টর মনীর আহম্মদ ও জাতীয় সড়ক নিরাপদ আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ মাগফি। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আইন মেনে চলা, ব্যক্তিগত সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনায় শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, ট্রাফিক সাইন ও সিগন্যাল মেনে চলা, গণপরিবহণে যাত্রী হিসেবে করণীয়, চালক ও পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সড়কের নিরাপদ নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক ব্যবহারকারীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা হ্রাসের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভায় বক্তারা উল্লেখ করেন, নিরাপদ সড়ক শুধু অবকাঠামো বা আইন প্রয়োগের বিষয় নয়; এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব, সচেতনতা ও মানবিক আচরণের সম্মিলিত প্রতিফলন। এই উপলব্ধি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে আলোচনা সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কারণ, আজকের সচেতন শিক্ষার্থীই আগামী দিনের দায়িত্বশীল চালক, যাত্রী ও পথচারী।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তাবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট, প্রসপেক্টাস ও ট্রাফিক সাইনসংক্রান্ত সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয়।
উক্ত সচেতনতামূলক কর্মসূচিতে বিদ্যালয়ের আনুমানিক ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক জ্ঞান, সচেতনতা ও দায়িত্ববোধ বিকাশের মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে নিরাপদ সড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনামুক্ত বাংলাদেশের প্রত্যাশিত পরিবেশ।

