Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৩ এএম

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে।

Advertisement

রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে দিবাগত রাত পর্যন্ত মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর, ক্যান্টনমেন্ট, ভাটারা, উত্তরা, তেজগাঁও শিল্পাঞ্চল, পান্থপথ ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় ভাটারা এলাকায় একটি স্কুলবাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মালিবাগে সিআইডি ও এসবির প্রধান কার্যালয়ের পার্কিংয়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেলটি কার্যালয় প্রাঙ্গণে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ওসি আরিফুল আলম জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় টিএসসি, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটে। এতে ক্যাম্পাসে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে তিনজনকে আটক করা হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় টিএসসি এলাকায় পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর ও নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।

অন্যদিকে রাত ১০টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি। দিবাগত রাত ১২টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার ওসি জয়ানাল আবেদীন।

রাজধানীর ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে বিস্ফোরণ ঘটানো হয়।

দিবাগত রাত পৌনে ১টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম। তিনি জানান, রাত সাড়ে ১০টার পর বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা সেখানে ধোঁয়া উড়তে দেখেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

এর আগে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারা থানার ১০০ ফিট এলাকার অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায়ও কেউ হতাহত হননি বলে জানান ওসি।

এদিকে রাত পৌনে ১২টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মামুন। তিনি জানান, দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

একই রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ২৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মাহবুবুর রহমান। তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ হতাহত হননি।

এছাড়া রাজধানীর ক্যান্টনমেন্টের মাটিকাটা, শেরেবাংলা নগরের পান্থপথ ও খিলক্ষেত থানা এলাকার কাছেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মাটিকাটা এলাকায় বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার এসআই সারোয়ার জাহান। তিনি জানান, রাত ১২টা থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি।    

অন্যদিকে রাত সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগর থানার পান্থপথ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ২টা ১৮ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার এসআই জুবায়ের হোসেন। তিনি জানান, রাত সাড়ে ১১টার পর দুর্বৃত্তরা সেখানে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায়ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এছাড়া রাত সাড়ে ৮টার দিকে খিলক্ষেত থানার কাছেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ২টা ২৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার এসআই সোহেল আহমেদ। তিনি জানান, খিলক্ষেত থেকে বিমানবন্দরের দিকে যাওয়ার পথে থানার কাছেই এ বিস্ফোরণ ঘটে। এতে কেউ আহত হননি।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে এসে খিলক্ষেত থানার সামনের সড়কে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ

ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ

ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় জানা গেল

ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় জানা গেল

ঢাকায় একাধিক ককটেল বিস্ফোরণের পর এবার স্কুলবাসে আগুন

ঢাকায় একাধিক ককটেল বিস্ফোরণের পর এবার স্কুলবাসে আগুন

উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানের

উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানের

সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

কাজে ফিরেছেন শ্রমিকরা, আশুলিয়ায় ২০ কারখানায় ছুটি

কাজে ফিরেছেন শ্রমিকরা, আশুলিয়ায় ২০ কারখানায় ছুটি

সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ

ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম