ক্রীড়া প্রতিমন্ত্রী
খেলাধুলা-সংস্কৃতির সমন্বয়ে নতুন শিক্ষাব্যবস্থা গড়তে চায় সরকার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শিক্ষাব্যবস্থাকে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে নতুন ধারায় সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই মূল্যায়ন করা হবে।
কৃত্রিমভাবে পাসের হার ও ফলাফল বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের সঠিক ইতিহাস, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষায় গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে গার্লস আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে মিরপুর সায়েন্স কলেজের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, ‘শিক্ষাকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা একটি নতুন শিক্ষাব্যবস্থার প্রবর্তন করতে যাচ্ছি। ইতিমধ্যে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খেলাধুলার বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।’
শিক্ষার্থীদের ফলাফল মূল্যায়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে শিক্ষাব্যবস্থায় প্রকৃত মেধা ও যোগ্যতার মূল্যায়ন না করে পাসের হার বাড়ানোর প্রবণতা ছিল। তবে বর্তমান সরকার শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নে গুরুত্ব দিচ্ছে। কৃত্রিমভাবে ফলাফল বাড়িয়ে না দেখিয়ে শিক্ষার্থীদের প্রকৃত অর্জন যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে।
মিরপুর সায়েন্স কলেজের শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, শিক্ষা ও ফলাফলের ক্ষেত্রে কলেজটি যে সুনাম অর্জন করেছে, তা ধরে রাখতে হবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, পাশাপাশি ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমিনুল হক বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্ম নানা সামাজিক অবক্ষয় ও বিপথগামিতার ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরেই বাংলাদেশকে একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের বাংলাদেশের সঠিক ইতিহাস জানাতে হবে। তাদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
মিরপুর সায়েন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের সাবেক শিক্ষক ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বার রহমান প্রিন্স, মিরপুর সায়েন্স কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. শিপন আলী, মিরপুর গার্লস আইডিয়াল কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোকছেদুর রহমান আবির, টেকনিক পাবলিকেশনসের প্রতিষ্ঠাতা পরিচালক সুমন রেজা, মিরপুর গার্লস আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. শেখ ফরিদ এবং মিরপুর সায়েন্স কলেজের উপাধ্যক্ষ মো. মঞ্জুদার রহমানসহ অন্যরা।
অনুষ্ঠানে মিরপুর সায়েন্স কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পাশাপাশি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৫ সালের ভর্তি পরীক্ষায় সরকারি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।
এ সময় কলেজের উপদেষ্টা, শিক্ষক, অভিভাবক, নবীন ও কৃতী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
