নড়াইলে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীর মামলা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসানুল কবির। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে কালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসানুল কবিরের বিরুদ্ধে আমলি আদালতে নালিশি আবেদন করেছেন তার স্ত্রী সাদিয়া কানিজ সিদ্দিকা বৃষ্টি। রোববার (১৬ নভেম্বর) বিকালে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার স্ত্রীর জবানবন্দি শেষে নালিশি আদালত অভিযোগটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান বিষয়টি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। আগামী ১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়েছে।
আদালতে দাখিল করা নালিশি আবেদনে বৃষ্টি উল্লেখ করেন, গত ১৯ অক্টোবর সন্ধ্যায় কালিয়া পৌরসভার রেস্ট হাউসের তৃতীয়তলার একটি গেস্টরুমে তাকে ২৫ লাখ টাকা যৌতুকের দাবিতে শারীরিকভাবে নির্যাতন করেন তার স্বামী হাসানুল কবির। এ সময় তার বাবা ও খালু বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ আছে।
অভিযোগে আরও বলা হয়, র্যাবে কর্মরত থাকাকালে এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন হাসানুল কবির। বিষয়টি জানার পর তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন বাড়তে থাকে। প্রায় ছয় মাস আগে প্রাইভেটকার কেনার কথা বলে ২৫ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। দাবি মেনে না নেওয়ায় নির্যাতনের মাত্রা আরও বাড়ে।
বৃষ্টি জানান, আমার দুই কন্যা সন্তান রয়েছে। স্বামীর মান-সম্মান ও সংসার টিকিয়ে রাখতে সব নির্যাতন সহ্য করেছি। গত এক বছর ধরে তিনি সন্তানদের ভরণপোষণ দিচ্ছেন না। শেষ পর্যন্ত ন্যায়বিচারের আশায় আদালতের শরণাপন্ন হয়েছি।
অন্যদিকে পুলিশ পরিদর্শক মো. হাসানুল কবির অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সাবেক স্ত্রী ও তার পরিবার মানসিকভাবে ব্ল্যাকমেইল করে বিভিন্ন কৌশলে আমার প্রায় দুই কোটি টাকার সম্পত্তি লিখে নিয়েছে। তদন্ত হলে সব প্রমাণ উপস্থাপন করব। পরকীয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
উল্লেখ্য, ২০০৮ সালের ৬ এপ্রিল জয়পুরহাটের আক্কেলপুর থানায় কর্মরত থাকা অবস্থায় পারিবারিকভাবে বৃষ্টি ও হাসানুল কবিরের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা সন্তান রয়েছে।
