পুকুর খননে বাধা দেওয়ায় এক্সকেভেটর চাপায় হত্যার অভিযোগ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীতে ফসলি জমিতে পুকুর খননে বাধা দেওয়ায় এক কৃষককে এক্সকেভেটর চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে মোহনপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জুবায়ের হোসেন (২৫)। তিনি উপজেলার বড় পালশা গ্রামের বাসিন্দা।
ঘটনার পর স্থানীয় জনতা মাটি খননের যন্ত্রটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। চালক আবদুল হামিদকে (২৮) পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আবদুল হামিদ টাঙ্গাইল জেলার কাদিমহামজানি উত্তরপাড়ার বাসিন্দা।
নিহতের পরিবারের দাবি, পুকুর খননে বাধা দেওয়ায় জুবায়েরকে এক্সকেভেটরের চাকার নিচে ফেলে হত্যা করা হয়েছে।
রাজশাহীর মাঠে মাঠে বিভিন্ন প্রভাবশালী মহল কৃষককে না জানিয়ে কিংবা অনুমতি না নিয়েই জোর করে তাদের জমিতে পুকুর খনন করে। সেই পুকুর তারা ইজারা দেয় এবং পরবর্তীতে ইজারামূল্যের একটি অংশ কৃষককে দেয়। এতে রাজশাহীতে কৃষিজমি রাতারাতি পুকুর হয়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পালশা গ্রামে দিয়ে পুকুর খনন করা হচ্ছিল। তবে কৃষিজমি রক্ষায় স্থানীয়দের সঙ্গে জুবায়ের বাধা দেন। এ সময় ভীমনগর গ্রামের কয়েকজনের সঙ্গে এলাকাবাসীর বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে এক্সকেভেটরের নিচে পড়ে গুরুতর আহত হন জুবায়ের।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ পুলিশ হেফাজতে রয়েছে।
এদিকে খবর পেয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার ঘটনাস্থল ও নিহতের বাড়িতে যান। এ সময় তিনি নিহতের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।
ইউএনও ফাহিমা বিনতে আখতার বলেন, ‘পুকুর খনন করবে জেনে এলাকাবাসী বাধা দেয়। এলাকাবাসী ফসলী জমিতে পুকুর খনন করতে দেবেন না। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে এক্সকেভেটর গাড়ির সঙ্গে ধাক্কা লেগে জুবায়ের আহত হন। পরে তার মৃত্যু হয়েছে।’
তিনি বলেন ‘আমি এখানে আসার পরে শুনেছি ঘটনার পরে জনতা গাড়িটিতে আগুন দিয়েছে। এছাড়া পুলিশ চালককে গ্রেফতার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মোহনপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে সরেজমিন পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

