নোয়াখালীতে গণপিটুনিতে যুবক নিহত
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ এএম
নোয়াখালীতে মিজানুর রহমান প্রকাশ নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছে। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীতে মিজানুর রহমান প্রকাশ (কানা মিজান) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছে। নিহতের কোমর থেকে থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাট বাজার থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহত মিজানুর রহমান (৩৬) নরোত্তমপুর ইউনিয়নের ফরাজী বাজার এলাকার শহীদ উল্ল্যার ছেলে।
নিহত যুবক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মিজান ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত। কবিরহাটের চাপরাশীরহাটসহ বিভিন্ন স্থানে একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছেন তিনি।
শনিবার রাত সাড়ে দশটার দিকে কালিরহাট বাজার সংলগ্ন কাজী বাড়ির সামনে মিজানকে দেখতে পেয়ে গণপিটুনি দেয় অজ্ঞাত একদল লোক। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, মিজানের লাশের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রক্তমাখা অনেকগুলো লাঠি উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার কোমরে একটি খেলনা পিস্তল ও একটি চাকু পাওয়া গেছে।
তিনি আরও জানান, মিজান ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত। তিনি এলাকায় মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করে টাকা আদায় করত। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

