ট্রেনের ধাক্কায় প্ল্যাটফর্মে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার সোনাতলা রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় প্ল্যাটফর্মে ছিটকে পড়ে সাজেদা বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
রোববার দুপুরে বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও স্বজনরা জানান, নিহত সাজেদা বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুর গ্রামের হাসান আলীর স্ত্রী। ঢাকা ছেড়ে আসা আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন শনিবার সন্ধ্যায় সোনাতলা রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল। এ সময় সাজেদা বেগম ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান জানান, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
