কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ আ.লীগ কার্যালয়ে জাতীয়-দলীয় পতাকা উত্তোলন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নওগাঁ শহরের সরিষাহাটির মোড় এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় দলীয় ও পতাকা উত্তোলনের এ ঘটনা ঘটে বলে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানিয়েছেন।
নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনের ফেসবুকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের একটি ভিডিও পোস্ট করেন।
ওই ভিডিওতে দেখা যায়, শফিকুর রহমান মামুনের নেতৃত্বে ছয়-সাতজন যুবক জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করছেন। এ সময় তাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দেখা যায়। শফিকুর রহমান ও অপরিচিত অন্য তরুণ ছাড়া অন্যরা মাস্ক পরা অবস্থায় ছিল।
জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা জানান, সকাল ৯টা-সাড়ে ৯টার দিকে দোকান খোলেন তারা। এ সময় তারা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে স্ট্যান্ডে পতাকা টানাতে দেখতে পান। পরে দুপুরের দিকে কয়েকজন পুলিশ এসে পতাকাগুলো খুলে নিয়ে যান।
এ ব্যাপারে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান বলেন, রাষ্ট্র ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু কর্মী। নিষিদ্ধ থাকা একটি দলের হঠাৎ করে এমন কার্যক্রমের আমরা তীব্র নিন্দা জানাই। জনগণকে সাথে নিয়ে এদের মোকাবিলা করবে বিএনপি।
এ ব্যাপারে নওগাঁ সদর থানার ওসি নিয়ামুল হক বলেন, সম্ভবত ভোরের দিকে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা এটা করেছে তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আমরা খোঁজাখুঁজি করছি।
এর আগে জাতীয় নির্বাচনের পরপরই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন ও ছবি টানাতে দেখা গেছে। নওগাঁতে এই প্রথম কোনো দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের খবর পাওয়া গেল।
