শ্বশুরবাড়ি যাওয়ার পথে প্রাণ গেল যুবকের
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শ্বশুরবাড়ি যাওয়ার পথে হৃদয় হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা শহীদ পেট্রল পাম্পের সামনে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ওই যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় হোসেন (৩০) বগুড়া জেলার শেরপুর থানার মামুরশাহী গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে।
এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মী ফাইটার সাগর আলী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হৃদয় হোসেন বগুড়ার শেরপুর থেকে মোটরসাইকেল চালিয়ে পাবনার বেড়া উপজেলায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। তিনি শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা শহীদ পেট্রল পাম্পের সামনে পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হৃদয় হোসেন নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মো. শাহিনুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে নিহতের লাশ তার ছোট ভাই মো. ইউসুফ হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তাদের কোনো অভিযোগ না থাকায় থানায় শুধু একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
