Logo
Logo
×
   

সারাদেশ

এমপি আলিমের হটলাইন নাম্বার চালু

‘সন্ত্রাস-চাঁদাবাজ কেউ বিএনপি করতে পারবে না’

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম

‘সন্ত্রাস-চাঁদাবাজ কেউ বিএনপি করতে পারবে না’

সন্ত্রাস-চাঁদাবাজ, মাদক ও জবরদখলের সঙ্গে জড়িত কেউ বিএনপি করতে পারবে না। এমন কঠোর হুঁশিয়ারির পর এবার সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম হটলাইন নম্বর চালু করেছেন।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ও পরামর্শ পেতে হটলাইন নাম্বার প্রকাশ করেন তিনি।

আলিম রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এছাড়া ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

এদিকে বিকালে এনায়েতপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কেজি মোড়ের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে নতুনভাবে দেশ গঠনে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। জনতার কাছে কোনো হ্যাডাম বা নেতাগিরি দেখানো এবং গোষ্ঠীর প্রভাব বিস্তার করা যাবে না। আমি জনগণের পক্ষে থাকব। 

এমপি আলিম আরও বলেন, এলাকায় মাদকের ডিলার ও সেবনকারীদের দ্রুত এ ব্যবসা ছাড়তে হবে। কোনো অপরাধী কিংবা মাদককারবারির বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে। এছাড়া আগামীতে জনবিচ্ছিন্ন কাউকে দলীয় কোনো পদ-পদবি দেওয়া হবে না। দোষীদের দলীয়ভাবে বহিষ্কারের পাশাপাশি প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।

এ সময় মুকুন্দগাতি ও কেজি মোড়ের যানজট নিরসনে এবং তাঁত শিল্পে গ্যাস, যমুনার ভাঙনরোধসহ এনায়েতপুরকে পৌরসভা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। রাতে তিনি এলাকার সব অপরাধ ও অন্যায়ের অভিযোগ ও পরামর্শ পেতে হটলাইন নম্বর চালু করেন।

এ বিষয়ে আমিরুল ইসলাম খান আলিম এমপি যুগান্তরকে বলেন, এলাকার অন্যায়-অপরাধের তথ্যের সঙ্গে সঙ্গে কিভাবে এলাকার উন্নয়ন করা যায়- সেই বিষয়ে জনতার কাছ থেকে আমি পরামর্শ পেতে এ হটলাইন চালু করেছি।

এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার, সাবেক সদস্য সচিব মঞ্জু সিকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক শেখ ও থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হাসান জহুরুলসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .