ভিজিএফের চাল কম দেওয়ার সময় হাতেনাতে ধরলেন ইউএনও
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার দোহার উপজেলায় পৌরসভার জেলেদের সরকারি সহায়তার (ভিজিএফের) বরাদ্দকৃত চাল কম দেওয়ার সময় হাতেনাতে ধরে ফেললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সুবিধাভোগী জেলেরা।
জাটকা মৌসুমে জাটকা ধরা থেকে বিরত থাকা দোহার পৌরসভার এমন ৩০ জন জেলেদের ৪০ কেজি করে সরকারি খাদ্য সহায়তার চাল বিতরণ করা হচ্ছিল। বালতি দিয়ে চাল ওজন দেওয়ার সময় উপস্থিত হন ইউএনও ও পৌর প্রশাসক মাঈদুল ইসলাম। তিনি বালতি দিয়ে ওজন না দিয়ে ডিজিটাল স্কেলে ওজন করে দেওয়ার কথা জানালে তাৎক্ষণিকভাবে স্কেলের ব্যবস্থা করলেও ওজন দেওয়া ৪০ কেজি চালে ২ কেজি চাল কম পাওয়া যায়। পৌরসভার কর্মকর্তাদের সঠিক ওজনের পরামর্শ ও নিয়মিত স্কেল ব্যবহারের মাধ্যমে সঠিক চাল বিতরণের বিষয়টি স্পষ্ট করেন।
জেলেদের কয়েকজন জানান, প্রথম কিস্তির চালও বালতি দিয়ে ওজন করার কারণে চাল আমরা কম পেয়েছি। আমরা প্রতিবাদ করলে নানাভাবে হেনস্তার শিকার হতে হয়। ১ বস্তায় ৩০ কেজি চাল থাকে। চাল ঢেলে বস্তাটি রেখে দেন তারা।
দোহার পৌরসভার ইঞ্জিনিয়ার মামুনুর রহমানের কাছে চাল কম দেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বিতরণের পর চাল বেশি হলে পৌরসভার মাস্টার রুলে যারা চাকরি করেন তাদের মধ্যে বিতরণ করা হয়।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাঈদুল ইসলাম জানান, চাল কম দেওয়ার কোনো সুযোগ নেই। প্রথমবার সতর্ক করে দিয়েছি; পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
