দোহার-নবাবগঞ্জ থেকে দুই মরদেহ উদ্ধার
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা থেকে পৃথক দুটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। লাশগুলো হলো- অটোরিকশাচালক শাহজালাল (৫৫) ও মো. আজিজ (২৩) নামে দুই ব্যক্তির।
মঙ্গলবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। শাহজালাল টঙ্গীবাড়ী নয়াদিঘীরপাড় এলাকার মৃত সোয়াব আলীর ছেলে। তিনি দোহারের লটাখোলা এলাকার ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী নয়াদিঘীরপাড়। আর আজিজ নবাবগঞ্জ উপজেলার মৌলভীডাঙ্গী এলাকার আরব আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহজালাল গত ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি স্বজনরা। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে দোহার উপজেলার লটাখোলা এলাকার লটাখোলা ব্রিজের রেলিংয়ের সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা ঝুলন্ত লাশ দেখতে পান এলাকাবাসী। দোহার থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে দোহার ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মিডফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার মৌলভীডাঙ্গী এলাকার মো. আজিজকে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ আজিজের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক বলেন, শাহজালালের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
