কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ
|
ফলো করুন |
|
|---|---|
বঙ্গোপসাগরের কুতুবদিয়াসংলগ্ন আলফা অ্যাঙ্করেজ এলাকায় দুই পণ্যবাহী জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে একটি জাহাজের কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সংঘর্ষে জড়িত জাহাজ দুটি হলো এমভি এপিজে শিরিন ও এমভি এইচজি সিডনি। এর মধ্যে এমভি এপিজে শিরিন কয়লা বহন করছিল। সংঘর্ষে এমভি এইচজি সিডনির বাম পাশের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, দুর্ঘটনার পর উভয় জাহাজ থেকে দ্রুত বিষয়টি জাহাজ চলাচল ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রকে (ভিটিএমআইএস) জানানো হয়। পরে দুটি জাহাজই নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনায় বহন করা কয়লার কোনো ক্ষতি হয়নি। পাশাপাশি সাগরে কোনো ধরনের দূষণ ছড়িয়ে পড়ার খবরও পাওয়া যায়নি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, কুতুবদিয়া আলফা অ্যাঙ্করেজের দিকে যাওয়ার সময় এমভি এইচজি সিডনি ও এমভি এপিজে শিরিন নামে দুটি বাল্ক ক্যারিয়ারের মধ্যে সংঘর্ষ হয়। এতে এমভি এইচজি সিডনির বাম পাশের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট জাহাজগুলোর স্থানীয় প্রতিনিধিদের অবহিত করা হয়েছে।
