পূর্বশত্রুতার জেরে নড়াইলে ৪ খুন, ৬ জন আটক
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে বাবা-ছেলে এবং প্রতিপক্ষের একজনসহ চারজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৫টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ ও র্যাব।
নিহতরা হলেন- বড়কুলা গ্রামের খলিল শেখ (৭০), তার ছেলে তাহাজ্জত শেখ (৪১), ফেরদাউস হোসেন (৪০) এবং প্রতিপক্ষের ওসিকুর ফকির (৩৬)। আটককৃতরা হলেন- একই এলাকার তুফান মোল্যা (৩০), লাজুক ওরফে সূর্য সিকদার (৩২), সবুর মোল্যা (৩৬), জসিম মোল্যা (৩০), হালিম ফকির (৬০) ও রনি সিকদার (৩৩)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যার পক্ষের রহমত হোসেনের অনুসারীদের সঙ্গে সাবেক চেয়ারম্যানের উজ্জ্বলের অনুসারী খলিল শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
নিহতরা তারাপুর গ্রামের বাসিন্দা হলেও প্রায় ১০ বছর আগে গ্রাম্য সংঘর্ষের জেরে তারা বড়কুলা গ্রামে বসবাস শুরু করেন। কিন্তু স্থান পরিবর্তনের পরও বিরোধ থামেনি; দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘাত অব্যাহত ছিল।
প্রসঙ্গত, ঘটনার দিন ভোররাতে সাহরি খেয়ে ঘুমাতে যাওয়ার প্রস্তুতির সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় খলিল শেখ, তার ছেলে তাহাজ্জত শেখ ও ফেরদাউসকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত প্রতিপক্ষের ওসিকুর ফকির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হামলার পর অন্তত সাত থেকে আটটি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া জানান, চারজনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতিও চলছে।
