মাছ ধরতে গিয়ে জলদস্যুর গুলিতে জেলে নিহত
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুর গুলিতে গুলিবিদ্ধ হয়ে শাহাদত হোছাইন (১৭) নামের এক জেলে নিহত হয়েছেন। তিনি কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আলী হাজীপাড়ার মৃত মো. বাদশার ছেলে।
ফিশিং ট্রলারের মালিক জসিম উদ্দিন বলেন, তিন দিন আগে শাহাদত হোছাইন অন্য মাঝিমাল্লাদের সঙ্গে সাগরে মাছ শিকারে যান। বুধবার বিকালে অন্য একটি ট্রলারের মাধ্যমে খবর পাওয়া গেছে আমার ফিশিং ট্রলার ডাকাতের কবলে পড়েছে এবং একজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এ খবর পেয়ে আমি একটি ট্রলার নিয়ে তাদের উদ্ধার করতে বের হই। উদ্ধার করে নিয়ে আসার পথে সাগরেই তার মৃত্যু হয়।
কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, এক মাস ধরে সাগরে ডাকাতির ঘটনা বেড়ে গেছে। ডাকাতদের ভয়ে জেলেরা মাছ ধরতে যাচ্ছেন না। মাছ ধরতে গেলেও জেলেদের মনে অনেকটা আতঙ্ক বিরাজ করে।
কুতুবদিয়া থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
