বালু উত্তোলন বন্ধ না হলে সেতু থেকে লাফিয়ে আত্মহত্যার আলটিমেটাম
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১০:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের বদরগঞ্জে যমুনাশ্বরী নদী থেকে অবৈধভাবে বিএনপি নেতাদের বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এ সময় বালু উত্তোলন বন্ধ না হলে সেতু থেকে লাফিয়ে আত্মহত্যার আলটিমেটাম দেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে বদরগঞ্জ উপজেলার নাগেরহাট বন্দর এলাকায় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে প্ল্যাকার্ড হাতে নিয়ে শিশুরাও বালু উত্তোলন বন্ধের প্রতিবাদ জানান দেন। মানববন্ধনে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে করার অভিযোগ তুলেন মানববন্ধনে গ্রহণকারী লোহারীপাড়া ইউনিয়নের রিমন নামের যুবক।
নদী বাঁচাও সেতু বাঁচাও ফসলি জমি বাঁচাও কমিটির সদস্য সচিব বাবুল ইসলাম অভিযোগ করেন, বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আঞ্জুমান সুলতানা বরাবরের স্মারকলিপি দিতে তার অফিসে গেলে তিনি তা গ্রহণ করেননি।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া বলেন, আমাদের আবাদি জমি ধীরে ধীরে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে। এখনই যদি এই কার্যক্রম বন্ধ না করা হয়, তাহলে লোহানীপাড়া ও কুতুবপুর ইউনিয়নের অনেক গ্রাম মানচিত্র থেকে হারিয়ে যাবে। প্রশাসন যদি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নেয় তাহলে এই অবৈধ স্থাপনা ভেঙে চুরমার করে দেওয়া হবে। এখানে কোনো রাজনৈতিক দলের প্রভাব বিস্তার চলবে না।
এদিকে কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট এলাকার সজিব মিয়া নদী থেকে বালু তোলা বন্ধ করা না হলে যমুনেশ্বরী সেতু থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার আল্টিমেটাম দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা যুগান্তরকে বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
