Logo
Logo
×
   

সারাদেশ

হঠাৎ বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত

Icon

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১০:৪৬ পিএম

হঠাৎ বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত

জয়পুরহাটের কালাই উপজেলায় ভোরবেলায় হঠাৎ করেই বৃষ্টি আসায় পানির নিচে তলিয়ে গেছে আলু ফসলের মাঠ। বিশেষ করে আলু উত্তোলনের শেষ মুহূর্তে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এসব ফসল।

বৃহস্পতিবার কালাই উপজেলার ঝামুটপুর, তালোড়াবাইগুনি, আঁওড়া, হাতিয়রসহ বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, পানির নিচে ফসলের খেত। দীর্ঘদিন ধরে যে দিকগুলো হয়ে পানি পারাপার হতো, সেসব পথগুলো প্রায় বন্ধ থাকায় গড়ে আসা পানি বৃদ্ধি পাচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা ফসল রক্ষার্থে সকাল থেকে মাঠে জমে থাকা পানি সেচ দিচ্ছেন।

আঁওড়া গ্রামের লেবু জানান, তিনি মাঠে দুই বিঘা আলু রোপন করেছিলেন। শুকানোর জন্য আলুগুলো তুলে জমিতেই রাখা ছিল। এতে করে আর্থিক ক্ষতির মধ্যে পড়েছেন।

শিকটা গ্রামের কৃষক শাহিন বলেন, পানিতে তলিয়ে গেছে সব আলু। লোকসানের ভয়ে আলুগুলো হিমাগারে রাখার জন্য মাঠেই রেখেছিলাম। সব আলু ডুবে গেছে পানিতে।

খোশালপুর নয়াপাড়া গ্রামের সরোয়ার বলেন, গত বছর আলুর আবাদ করে লোকসান হয়েছে। লোকসান পুষিয়ে নিতে এবারও আলুর আবাদ করেছি। বাজারে দাম কম, বিক্রি করলে গত বছরের চেয়ে আরও বেশি লোকসান গুণতে হবে। তাই হিমাগারে রাখার জন্য আলুগুলো মাঠেই রেখেছি। সকালে বৃষ্টির পানিতে সব ফসল তলিয়ে গেছে।

থুপসাড়া গ্রামের রফিকুল ইসলাম ও দিলবর হোসেন জানান, হঠাৎ করেই ভোরের দিকে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে আলু উত্তোলনের জন্য অনেক আর্থিক ক্ষতি হয়ে গেল, যা পূরণ হওয়ার নয়।

কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, পুরো উপজেলার বিভিন্ন মাঠে বৃষ্টির পানিতে ফসল তলিয়ে যাওয়া সঠিক। তবে এর পরিমাণ খুব একটা বেশি নয়। দ্রুত পানি নিষ্কাশন হলেই এসব ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .