কুড়িগ্রামের আকাশে রহস্যময় সাদা-লাল রেখা, আতঙ্কিত এলাকাবাসী
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৪:১০ পিএম
এই রহস্যময় সাদা-লাল রেখা দেখে স্থানীয়দের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বালারহাটের আকাশে হঠাৎ এক রহস্যময় সাদা-লাল রেখা দেখে স্থানীয়দের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬.১০ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে।
এ সময় রহস্যময় সাদা-লাল রেখাটি সীমান্তঘেষা বালারহাট বাজারের আকাশের বুকে উল্লম্বভাবে নিচের দিকে নেমে আসার দৃশ্য দেখা গেলেও তাৎক্ষণিকভাবে এই উজ্জ্বল রেখাটি আকাশে মিশিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা একে ‘মিসাইল’ বা ‘উল্কাপাত’ বলে ধারণা করছেন। তবে আকাশে রহস্যময় সাদা ও লাল রেখা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়। মুহূর্তেই উৎসুকজনতা এই দৃশ্যটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোষ্ট করে। অনেকেই দোকান ও ঘর থেকে বেরিয়ে এসে এই অদ্ভুত দৃশ্য দেখতে ভিড় জমায়। তবে এটি ভারতীয় অভ্যন্তরীণ রুটের বিমান বলে গুগল সার্চে জানা গেছে।
বালারহাট বাজারে ঔষধ বিক্রেতা মামুন ইসলাম ও আজাদ আলী জানান, তারা সন্ধ্যায় এই দৃশ্যটি দেখে আতঙ্কিত হয়েছেন। তারা ভেবেছিলেন মধ্যপ্রাচ্যে সংঘটিত যুদ্ধের মিসাইল হতে পারে।
নওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা জানান, লোকমুখে শুনেছি আকাশে আলোর রেখা দেখা গেছে। তবে এটি মাটিতে পড়েনি।
১৫ লালমনিরহাট বিজিবি ব্যাটালিয়ন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রহিম জানান, বিষয়টি আমার জানা নেই। তবে এটি মালবাহী বিমানের ধোঁয়াও হতে পারে।

