ইফতারে দাওয়াত না দেওয়া নিয়ে সংঘর্ষ আহত ৪
কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৩:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূঁইয়ার সমর্থক গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ইফতার পরবর্তী সময়ে তিতাস উপজেলার মাছিমপুর গ্রামে মো. ওসমান গনি ভূঁইয়ার বাড়িতে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রবিন নামের একজনকে গ্রেফতার করেছে।
আহতরা হলেন- মো. তালিম, মাহআলম, মো. মুকবুল, মজিবুর রহমান। তাদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এদের মধ্যে মজিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
এ ঘটনায় তফাজ্জল হোসেন বাদী হয়ে ৭ জনকে আসামী করে একটি মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিতাস উপজেলা বিএনপি সভাপতি মো. ওসমান গনি ভূঁইয়ার সমর্থক গোষ্ঠীর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করেন। ওই ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি মো. তফাজ্জল হোসেনকে আওয়ামী লীগের দালাল বলে দাওয়াত বঞ্চিত কলাকান্দি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান হামলা করে। এ সময় উভয়ে সংঘর্ষে জড়িয়ে পরলে উভয়পক্ষের ৪ জন আহত হয়।
মামলার বাদী তফাজ্জল হোসেন বলেন, ইফতার মাহফিলের আয়োজকরা আমাকে দাওয়াত দিয়েছে তাই আমি সামাজিকতা রক্ষায় ইফতার মাহফিলে গিয়েছি।
তিনি বলেন, ইফতার শেষে বিএনপি নেতা গাজী হানিফ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম এমন আনিছুর রহমান এসে আমাকে আওয়ামী লীগের দালাল বলে মারধর শুরু করে। তখন আমার স্বজনরা ছাড়াতে আসলে তাদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। এ ঘটনায় আমি বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আনিছুর রহমানকে ফোন করে সাংবাদিক পরিচয় দিলে তিনি ফোন কেটে দেন।
তিতাস থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম বলেন, মাছিমপুরে মারামারির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং একজনকে আটক করি। আটককৃত ব্যক্তিকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছি। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
