ঈদের আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাণ গেল ৩ জনের
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৪:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত ও প্রায় ৫০ জন আহত হয়েছেন। ঈদের আগে শুক্রবার ও বৃহস্পতিবার পৃথক তিন স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার কাশিগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী মুশি আক্তার (৫০), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খড়মা গ্রামের লাল মাহমুদ খানের ছেলে নিজামুল ইসলাম (৪২) ও অজ্ঞাত এক অটোরিকশা যাত্রী।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (২০মার্চ) দুপুর ১২টার দিকে ঈদে ঘরমুখো যাত্রী নিয়ে নালিতাবাড়িগামী দ্রুতগামী একটি বাস ভালুকা উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকার তাফরিদ কটন মিলের সামনে একটি অটোরিকশা, সিএনজির ও মোটরসাইকেলকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে ঢুকে পড়ে এবং বাসটি রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ২ অটোরিকশা যাত্রী নিহত ও বাসের ৩০ যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করে।
স্থানীয়রা ধারণা করছেন, বাসের নিচে ঢুকে যাওয়া অটোরিকশার মাঝে আরও লোক হতাহত থাকতে পারেন।
দ্বিতীয় দুর্ঘটনা ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৯ মার্চ) একই মহা সড়কের ভরাডোবা এলাকায়। গাজীপুরের বাঘের বাজারের ‘গোল্ডেন গার্মেন্টস’-এর অপারেটর নিজামুল ইসলাম (৪২) পরিবার নিয়ে ঈদুল ফিতরের ছুটিতে গ্রামের বাড়ি হালুয়াঘাটে ফিরছিলেন। তাদেরকে বহন করা বাসটি উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ডে বিরতি দিলে তিনি ওয়াশরুমে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মালবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করেছে।
একই দিনে এসএনএস সিঅ্যান্ডজি পাম্পের বিপরীত পাশে মাওনা থেকে ময়মনসিংহগামী একটি নাম্বারবিহীন দেড় টনের পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
প্রাথমিক ধারণা করা হচ্ছে, পিকআপ চালক গাড়িতে ঘুমিয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেতে পারে। এতে পিকআপে থাকা ড্রাইভারসহ ১৭ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ জানান, নিহত একজন পুরুষের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার হয়েছে। নিজামুল ইসলামের সুরতহাল শেষে আবেদনের প্রেক্ষিতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত বাস, ট্রাক ও পিকআপের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
