|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার খালিয়াজুরীতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে একটি মসজিদে আশ্রয় নেওয়া হলেও সেখানে গিয়েও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বানোয়ারী গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বানোয়ারী গ্রামের রফিকুল ইসলাম ও শাহ আলম চৌধুরীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়,যা একপর্যায়ে হাতাহাতিতে শুরু নেয়।
এর জেরে রোববার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে রফিকুল ইসলামের পক্ষের লোকজন পিছু হটে পাশের একটি মসজিদে আশ্রয় নেন। এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে ঢুকে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়েছে।
সংঘর্ষে আহতদের মধ্যে রফিকুল ইসলাম, মো. আলী, লিটন মিয়া, ফজলু মিয়া, টিপু মিয়া ও ভুট্টু মিয়ার নাম জানা গেছে। গুরুতর আহত রফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের মদন ও মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
