ডায়েরিতে প্রেমের কাহিনী
ছাত্রীর আত্মহত্যায় প্রেমিকের বিরুদ্ধে মামলা
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার ধুনটে মাদ্রাসাছাত্রী রনি আকতারকে (১৯) আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার প্রেমিক সাজ্জাদ হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্রীর বাবা ধুনট থানায় এ মামলা করেছেন।
পুলিশ ও মামলা সূত্র জানায়, রনি আকতার বগুড়ার ধুনট উপজেলার বিলচাপড়ি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তিনি বিলচাপড়ি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিলেন। শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের পথে প্রায় দুই বছর আগে একই গ্রামের সেলিম মিয়ার ছেলে সাজ্জাদ হোসেনের (১৯) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ছাত্রী প্রেমের কাহিনী প্রতিদিন নিজের ডায়েরিতে লিখে রাখেন।
এদিকে গত ১৯ মার্চ বেলা ১১টার দিকে সাজ্জাদ হোসেন বিয়ের কথা বলে রনিকে নিজের বাড়িতে নিয়ে আসেন; কিন্তু বাড়িতে আসার পর তার মা, বাবা ও পরিবারের সদস্যরা রনিকে গালিগালাজ ও গলা ধাক্কা দিয়ে বের করে দেন। ক্ষোভে অভিমানে রনি আকতার বাড়ি থেকে বের হওয়ার পর রাস্তায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করলে অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে রনি আকতার মারা যান।
এ ঘটনায় রনির বাবা রফিকুল ইসলাম ধুনট থানায় প্রতারক সাজ্জাদ হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মেয়েকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে মামলা করেন।
ঘটনার পর থেকে সাজ্জাদ হোসেন ও তার পরিবারের সদস্যরা আত্মগোপন করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে মাদ্রাসাছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। রনি আকতারের পড়ার টেবিল থেকে তার প্রেমের কাহিনী লেখা ডায়েরি জব্দ করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
