শ্যালোমেশিন ঘরে ঘুমাতে যাওয়া কৃষকের লাশ মিলল ধানখেতে
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৬:৩৫ পিএম
শ্যালোমেশিন ঘরে ঘুমাতে যাওয়া কৃষকের লাশ মিলল ধানখেতে
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার গাবতলীতে শ্যালোমেশিন ঘরে ঘুমাতে যাওয়া আবদুল লতিফ আকন্দ (৬৫) নামে এক কৃষককে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা হিন্দুপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার দুপুরে পুলিশ শ্যালোমেশিন ঘরের পাশের ধানখেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত কৃষক আবদুল লতিফ আকন্দ বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়ার মৃত মোবারক আলী আকন্দের ছেলে। তিনি প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে সাড়ে ৯টার দিকে বাড়ির কাছে নিজের টিনের তৈরি শ্যালোমেশিন ঘরে ঘুমাতে যান। রোববার সকাল ৯টার দিকে তার ভাতিজা মাসুদ আলম শ্যালোমেশিন ঘরের পাশে ধানখেতে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। শ্যালোমেশিন ঘরের টিন ভাঙা ছিল। খবর পেয়ে গাবতলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
গাবতলী থানার ওসি রাকিব হোসেন জানান, নিহত ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা শনিবার রাত ১০টা থেকে রোববার সকাল ৬টার মধ্যে পূর্ব কোনো বিরোধের জেরে টিন ভেঙে শ্যালোমেশিন ঘরে ঢোকে। এরপর আবদুল লতিফ আকন্দকে বাইরে ধানখেতে এনে উপর্যুপরি আঘাতে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও ঘাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।
