Logo
Logo
×
   

সারাদেশ

পটলখেতে পুঁতে রাখা ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৯:০৮ পিএম

পটলখেতে পুঁতে রাখা ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার

বাঁশের খুঁটি বসানোর সময় মাটির নিচে কাঠের বাক্সে থাকা গুলিগুলো দেখতে পান শ্রমিকেরা। ছবি: যুগান্তর

নওগাঁর বদলগাছী উপজেলার দেউলিয়া গ্রামে ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে কৃষকেরা দেউলিয়া গ্রামের ওই ফসলের মাঠে পটলখেতে বাঁশের খুঁটি বসানোর সময় মাটিতে পুঁতে রাখা অবস্থায় গুলিগুলো দেখতে পায়। বেলা ১১টার দিকে গুলিগুলো উদ্ধার করে বদলগাছী থানা পুলিশ। 

স্থানীয় বাসিন্দা ও বদলগাছী থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে ওই গ্রামের জাইদুল ইসলামের পটলখেতে খুঁটি বসানোর কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। খেতের একটি জায়গায় খুঁটি বসাতে গিয়ে মাটির নিচে শক্ত কিছু অনুভব করেন শ্রমিকেরা। পরে সেখানে প্রায় এক ফিট গভীর মাটি খুঁড়ে একটি কাঠের বাক্স দেখতে পায় তারা। সেই কাঠের বাক্স খুলে গুলি দেখতে পান ওই কৃষকেরা। 

পটলচাষি জাইদুল ইসলাম জানান, তিনি জমিটি বন্ধক নিয়ে চাষাবাদ করে আসছেন। সকালে বাঁশের খুঁটি বসানোর সময় মাটির নিচে কাঠের বাক্সে থাকা গুলিগুলো দেখতে পান শ্রমিকেরা। তার ধারণা, গুলিগুলো অনেক পুরোনো। 

এ বিষয়ে বদলগাছী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। গুলির ধরন ও জরাজীর্ণ অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার। দীর্ঘ সময় মাটির নিচে থাকায় গুলিগুলোতে মরিচা ধরেছে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত গুলিগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .