বগুড়ায় নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পর্শে রাজমিস্ত্রির মৃত্যু
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার সারিয়াকান্দিতে একটি দ্বিতল ভবনের ছাদে খোলা তারের সঙ্গে বিদ্যুৎস্পর্শে শাকিল আহমেদ (২৬) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার বাড়ইপাড়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত শাকিল আহমেদ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাগবেড় গ্রামের মৃত সাকু প্রামাণিকের ছেলে। সংসারে অভাবের কারণে লেখাপড়া বাদ দিয়ে তিনি রাজমিস্ত্রির কাজ নেন। কিছুদিন আগে বিয়ে করেছেন। সারা নামে নিহতের সাত মাস বয়সি শিশুসন্তান রয়েছে।
শাকিল শুক্রবার সকালে চারজন সহকর্মী নিয়ে উপজেলার বাড়ইপাড়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডসংলগ্ন এলাকায় জালালের দ্বিতল ভবনে কাজ করতে যান। সকাল ৯টার দিকে ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত রড উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুৎস্পর্শ হয়ে তিনি দ্বিতীয় ভবন থেকে ছিটকে নিচে পড়ে যান। এ সময় মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন।
সহকর্মীরা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিতে বলেন। নেওয়ার পথে বেলা ১০টার দিকে শাকিল আহমেদ মারা যান। বিকালে বাড়ির পাশে তার মরদেহ দাফন করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় নিহত নির্মাণ শ্রমিক শাকিল আহমেদের মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
