রামগতিতে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, এলাকায় আতঙ্ক
কমলনগর-রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পিএম
রামগতিতে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের রামগতিতে হামের উপসর্গ নিয়ে মো. তানভীর (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ মৃত্যুর ঘটনা ঘটে।
তানভীর ওই এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু তানভীর বেশ কিছুদিন ধরে হামে আক্রান্ত ছিল। প্রথমে তাকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে পরিবার শিশুটিকে রোববার রাতে বাড়িতে নিয়ে আসে। আজ সোমবার সকালে বাড়িতেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর এলাকায় অন্যান্য শিশুকে নিয়ে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনা শীষ মজুমদার যুগান্তরকে বলেন, আমি এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। প্রকৃত কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঘটনাস্থলে দ্রুত মেডিকেল টিম পাঠানো হয়েছে।

