স্কুলছাত্র হত্যা মামলায় ৪ বন্ধুকে দণ্ড
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম
স্কুলছাত্র হত্যা মামলায় ৪ বন্ধুকে দণ্ড
|
ফলো করুন |
|
|---|---|
১৩ বছর আগে নেত্রকোনার আটপাড়া উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্র মুন্না মিয়াকে (১৫) পিটিয়ে হত্যার অভিযোগে তার চার বন্ধুকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা ঘটনার সময় কিশোর ছিলেন। বর্তমানে তারা যুবক। রায় ঘোষণার সময় তারা প্রত্যেকেই আদালতে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) একেএম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. নূরুল কবীর রুবেল। তিনি জানান, আসামিরা বর্তমানে প্রাপ্তবয়স্ক হওয়ায় তারা জেলহাজতে থাকবেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার খিলা গ্রামের মাজহারুল হকের ছেলে সাগর মিয়া (১৫) ও শাকিল মিয়া (১৩) বজলুর রহমানের ছেলে রোমান মিয়া (১৪) ও সবুজ মিয়ার ছেলে রবিন মিয়া (১৩)। তাদের মধ্যে সাগরকে ১০ বছর, রোমানের ৭ বছর, শাকিল ও রবিনকে পাঁচ বছর করে আটকাদেশ দেওয়া হয়।
আর নিহত মুন্না মিয়া একই গ্রামের মৌলা মিয়ার ছেলে। সে খিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে খিলার পার্শ্ববর্তী কাউপুর এলাকায় মুন্না মিয়াসহ তার বন্ধুরা ক্রিকেট খেলছিল। খেলাকে কেন্দ্র করে তারা বিবাদে জড়িয়ে যায়। একপর্যায়ে অভিযুক্ত কিশোররা ক্রিকেট খেলার ব্যাট দিয়ে মুন্না মিয়ার কান, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন চিকিৎসাধীন অবস্থায় মুন্না মিয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ৭ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয়।
