শিশুকে যৌন হয়রানির অভিযোগ, অটোচালক গ্রেফতার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর ছাগলনাইয়ায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে নুরুজ্জামান বাবুল (৫০) নামে এক অটোরিকশাচাকলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) তাকে ফেনীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রোববার (১৯ এপ্রিল ) সন্ধ্যায় তাকে ছাগলনাইয়ার বাঁশপাড়া বটতলী থেকে গ্রেফতার করা হয়। বাবুলের বাড়ি ছাগলনাইয়ার মটুয়া গ্রামে। তিনি মমিন হাজি বাড়ির মৃত জামশেদ আলির ছেলে।
তার বিরুদ্ধে রাতেই ছাত্রীর মা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, রোববার বিকালে ওই ছাত্রী এক প্রতিবেশীর সঙ্গে পূর্ব বাঁশপাড়া এলাকায় যায়। সেখানে কিছু সময় কাটানোর পর সন্ধ্যায় ওই ছাত্রী বাড়ি ফিরতে ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে।
চালক বটতলী কালভার্ট পর্যন্ত গিয়ে অটোরিকশা থামান। একা পেয়ে এ সময় বাবুল ওই ছাত্রীকে সামনে তার সঙ্গে বসতে বলেন। ছাত্রী রাজি না হলে তার গায়ে হাত দেয়।
ছাত্রীর মা মামলায় বলেছেন, তার মেয়েকে অশ্লীল কথা বলে যৌন হয়রানি করা হয়। একপর্যায়ে তার মেয়ে ভয় ও লজ্জায় কান্নাকাটি শুরু করলে বাবুল অটো থেকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় সে চিৎকার করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে অটোচালক বাবুলকে আটক করেন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।
এদিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় ওই ছাত্রীর বাম হাত রক্তাক্ত হয়। তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তার মা।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মাসুদ আলম পাটোয়ারী বলেন, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে ওই ছাত্রীকে যৌন হয়রানি করেছে বলে স্বীকার করেছে।
