নগরকান্দায় বেপরোয়া ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত
Advertisement
ফরিদপুর ব্যুরো ও নগরকান্দা প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৮:০৪ পিএম
একই সময় ট্রাকটিতেও ভাঙচুর চালানো হয়।
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় অন্তত ২০ জন পথচারী আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে ট্রাকচালক নিহত হয়েছেন।
শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হান্নানের (৪৫) বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়।
এ ঘটনায় ট্রাকের হেলপারসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- সালথা উপজেলার সোনাখোলা গ্রামের মো. নাঈম (২২) এবং কাগদী এলাকার মো. আল-আমিন (২৫)। তারা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে আসা একটি ট্রাক বেপরোয়া গতিতে গ্রামের সরু সড়ক দিয়ে চলাচল করছিল। পথে ট্রাকটি একাধিক পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ট্রাকটি বিলনালিয়া নতুন হাটখোলা বাজারে পৌঁছে ‘মুন্সী স্টোর’ নামের একটি দোকানে সজোরে ধাক্কা দেয়। এতে ক্ষুব্ধ জনতা ট্রাকটির গতিরোধ করে চালক, হেলপারসহ তিনজনকে গণপিটুনি দেয়। একই সময় ট্রাকটিতেও ভাঙচুর চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের ধাক্কায় অন্তত ২০ জন আহত হন, তবে অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালকসহ তিনজনকে মারধর করা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়, যেখানে চালক মারা যান।
নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ বলেন, ট্রাকটি বেপরোয়া গতিতে বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আহতের প্রকৃত সংখ্যা যাচাই করা হচ্ছে।
