Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে আহত করার অভিযোগ

Advertisement

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:৫৭ পিএম

তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে আহত করার অভিযোগ

Advertisement

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের এক যুবলীগ নেতা হত্যা মামলার আসামিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বাদীপক্ষের লোকজনের বিরুদ্ধে। সোমবার (১১ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার মানিককান্দি গ্রামে আসামি আব্দুল লতিফের নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

আব্দুল লতিফ ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জহির মোল্লা হত্যা মামলার আসামি।

বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ওসি মো. মনিরুল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ ডিসেম্বর বিকালে মৎস্য প্রজেক্টে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে জহিরুল ইসলাম মোল্লাকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় আব্দুল লতিফসহ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়।

মামলার পর দীর্ঘদিন আব্দুল লতিফসহ প্রায় ৩০টি পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। ২০২৪ সালের আগস্টের পর তারা আবার নিজ গ্রামে ফিরে আসেন। এর মধ্যে বাদীপক্ষের লোকজন তাদের বাড়িঘর ও আসবাবপত্র লুটপাট করে এবং কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে ফেলে—এমন অভিযোগও রয়েছে।

স্থানীয়দের ধারণা, জহিরুল ইসলাম মোল্লা হত্যার প্রতিশোধ নিতেই আব্দুল লতিফকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

এ বিষয়ে তিতাস থানার ওসি মো. মনিরুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম