|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নারীর সহযোগিতায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে আসুক মিয়া (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ভুক্তভোগীর নানাশ্বশুর বাদী হয়ে আসুক মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
অভিযুক্ত আসুক মিয়া উপজেলার পাঁচহাট বাজারে কলার ব্যবসা করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও তার স্বামী ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। ফসল কাটার মৌসুম উপলক্ষে কয়েক দিন আগে গ্রামে ফিরে এক আত্মীয়ের ঘরে ছিলেন। সকালে স্বামী হাওড়ে কাজে চলে গেলে স্থানীয় এক নারী ভুক্তভোগীকে আশ্রয়ণ প্রকল্পের একটি ফাঁকা ঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন অভিযুক্ত আসুক মিয়া। ঘরে ঢোকার পর স্থানীয় ওই নারী বের হয়ে গেলে দরজা বন্ধ করে আসুক মিয়া ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা ও শারীরিক নির্যাতন করেন। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত আসুক মিয়া দৌড়ে পালিয়ে যান।
খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত আসুক মিয়া পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
