স্বামী গ্রামের বাড়িতে, ভাড়া বাসায় ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণকারী কারাগারে
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামী বিশেষ কাজে গ্রামের বাড়িতে গেলে ভাড়া বাসায় ঘুমন্ত নারীকে ধর্ষণ করেন এক ডেকোরেটর মিস্ত্রি। এ ঘটনায় করা মামলার মূল আসামি মিজানকে (৫০) গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব।
উপজেলার ভাবকির মোড় এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সোমবার র্যাব-১৪ এর সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন জানান, অভিযান চালিয়ে পলাতক আসামি মিজানকে গ্রেফতার করে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব অফিস সূত্রে জানা যায়, মুক্তাগাছায় একটি প্রাইভেট কোম্পানির চাকরির সুবাদে ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে মুক্তাগাছার একটি ভাড়া বাসায় থাকতেন। অভিযুক্ত মিজান ওই বাড়িতে ডেকোরেশনের কাজ করতে আসেন এবং তাদের পাশের রুমে কাজের মালামাল রাখেন।
এদিকে গত ১২ জানুয়ারি ভুক্তভোগীর স্বামী বিশেষ প্রয়োজনের তাগিদে স্ত্রীকে ভাড়া বাসায় রেখে নিজ গ্রামের বাড়িতে যান। এ সুযোগে রাতে সিলিংয়ের ফাঁকা অংশ দিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষণ করেন মিজান। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ১৩ জানুয়ারি মুক্তাগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার পর র্যাব ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ প্রসঙ্গে মুক্তগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, গ্রেফতার মিজানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
