বড়লেখায় অর্ধশত বছরের পুরোনো রাস্তায় বেড়া দেওয়ার অভিযোগ, অবরুদ্ধ ৫ পরিবার
Advertisement
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:০৮ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়নের উজিরপুর গ্রামে প্রায় অর্ধশত বছরের পুরোনো একটি রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। একমাত্র চলাচলের পথটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় পাঁচটি পরিবারের নারী-পুরুষ, শিশু এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে চলাচলের পথ বন্ধের ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে জালাল উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। দীর্ঘদিনের ব্যবহৃত এ রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
লিখিত অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উজিরপুর গ্রামের জালাল উদ্দিন, মিনা বেগম, জুবায়ের আহমদ, আব্দুল্লাহ ও শামীম আহমদের পরিবারসহ স্থানীয় সাধারণ মানুষ প্রায় ৫০ বছর ধরে ওই রাস্তা ব্যবহার করে আসছেন।পূর্বে এ রাস্তাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হলে মৃত এলাছ উদ্দিনের স্ত্রী মিনা বেগম একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে বিষয়টি আপস-মীমাংসার লক্ষ্যে বড়লেখা থানার তৎকালীন ওসি মো. ইয়াছিনুল হকের উদ্যোগে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা বাহিনী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে রাস্তাটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে একটি সালিশনামাও সম্পাদিত হয়। এরপর থেকে এলাকাবাসী রাস্তাটি ব্যবহার করে আসছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, গত ১৬ মে সকালে সিদ্দিক আহমদ (৪০), রোকেয়া বেগম (৪০), কাসিম (১৮) ও হুসাইন আহমদ (২৫) সংঘবদ্ধ হয়ে জোরপূর্বক ওই রাস্তার ওপর বাঁশের বেড়া নির্মাণ করে চলাচল বন্ধ করে দেন। বাধা দিলে তারা গালিগালাজসহ ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এতে অসুস্থ রোগীসহ কেউ জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হতে পারছেন না। পাশাপাশি শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগটি সহকারী কমিশনারের (ভূমি) কাছে পাঠানো হয়েছে।

