লাউয়াছড়া বনে বিচ্ছিন্ন সাত বগি, বাকি অংশ নিয়ে শ্রীমঙ্গলে ট্রেন
Advertisement
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পিএম
লাউয়াছড়া বনে বিচ্ছিন্ন সাত বগি
|
ফলো করুন |
|
|---|---|
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পাহাড় বেয়ে ওঠার সময় চলন্ত ট্রেনের হুক ছিঁড়ে পেছনের ৭টি বগি বিচ্ছিন্ন হয়ে বনের ভেতর পড়ে থাকে। তবে বিষয়টি টের না পেয়ে ইঞ্জিনসহ বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলস্টেশনের জানকীছড়া এলাকায় চলে যায়।
এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও চার ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ‘পাহাড়িকা এক্সপ্রেস’ (৭২০ নম্বর ট্রেন) লাউয়াছড়া বনাঞ্চল অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টা ৬ মিনিটে ভানুগাছ রেলওয়ে স্টেশন ত্যাগ করে। ট্রেনটি লাউয়াছড়া বনের ভেতরের পাহাড়ি ঢাল বেয়ে ওপরে ওঠার সময় হঠাৎ দুটি বগির মাঝের সংযোগকারী হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনের পেছনের অংশের ৭টি বগি বিচ্ছিন্ন হয়ে বনের ভেতরে আটকে পড়ে। অন্যদিকে ইঞ্জিনসহ সামনের ১১টি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গলের জানকীছড়ার দিকে চলে আসে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ঢোকার মুহূর্তে চালক বুঝতে পারেন ট্রেনের পেছনের বগিগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। পরবর্তীতে চালক ট্রেনটি আবার পেছনে নিয়ে দুর্ঘটনাস্থলে ফেরেন।
এদিকে বনের মধ্যে হঠাৎ ট্রেন থেমে যাওয়া ও বগি বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম বিপাকে পড়েন যাত্রীরা। ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় স্বজনদের সঙ্গেও কেউ যোগাযোগ করতে পারছিলেন না।
খবর পেয়ে রেলওয়ের কারিগরি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বগিগুলো মেরামত করে পুনর্সংযুক্ত করার কাজ শুরু করেন। চার ঘণ্টার টানা প্রচেষ্টায় বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
এ ঘটনার কারণে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ভানুগাছ স্টেশনে এবং চট্টগ্রাম থেকে সিলেটগামী ‘পাহাড়িকা ডাউন’ ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে থাকে। এতে বিভিন্ন ট্রেনের শত শত যাত্রীকে দীর্ঘ চার ঘণ্টা চরম ভোগান্তি পোহাতে হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই কারিগরি দল মেরামতের কাজ শুরু করে। দ্রুত কাজ শেষ করে বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে রেলযোগাযোগ পুনরায় স্বাভাবিক করা সম্ভব হয়েছে।
