ধান কাটতে গিয়ে বজ্রপাত, প্রাণ গেল দুই শ্রমিকের
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৩:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁর রাণীনগরে ফসলের মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার পারইল গ্রামের জাঠা মাঠে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮) ও আমিনুরের ছেলে তারেক ফকির (২৪)। তারা দুজন সম্পর্কে দাদা-নাতি। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার পারইল গ্রামের জাঠা মাঠে ওই গ্রামের এক ব্যক্তির জমিতে আক্কাস ফকির ও তারেক ফকির শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। বেলা ১১টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে দুইজনেরই মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
