Logo
Logo
×
   

সারাদেশ

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ১০:৪৮ পিএম

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

খাগড়াছড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। ছবি: যুগান্তর

খাগড়াছড়ির পানছড়ি লোগাং ইউনিয়নের বাবুরাপাড়া ও করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২১ মে) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (মূল) ও জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্যদের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। 

খবর পেয়ে খাগড়াছড়ি জোনের একটি সেনা টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনা সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা ফায়ার করে। পরে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

অভিযান শেষে সেনাবাহিনী ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি চায়না রাইফেল, ২৭৪ রাউন্ড গোলাবারুদ, দুটি এফসিসি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করে। একইসঙ্গে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় কোনো সেনাসদস্য হতাহত হননি এবং বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান দেওয়া হবে না। জনসাধারণের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে এ ধরনের অভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে এবং সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম দমনে কঠোর অবস্থানে রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .