Logo
Logo
×
   

সারাদেশ

বাবার বিরুদ্ধে পাঁচ মাসের ছেলেকে হত্যার অভিযোগ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২১ মে ২০২৬, ১০:৫০ পিএম

বাবার বিরুদ্ধে পাঁচ মাসের ছেলেকে হত্যার অভিযোগ

বগুড়ার গাবতলীতে রায়হান আলী নামে গৃহস্থের বিরুদ্ধে তার পাঁচ মাসের শিশু ছেলে মো. আবদুল্লাহকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা গ্রামে এ ঘটনা ঘটেছে।

গাবতলীর বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, নিহত শিশু আবদুল্লাহ বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা গ্রামের গৃহস্থ রায়হান আলী (৩০) ও রিমা খাতুনের (২৫) প্রথম সন্তান। বৃহস্পতিবার দুপুরের আগে রিমা খাতুন চাল নেওয়ার জন্য পাশের বালিয়াদীঘি ইউনিয়ন পরিষদে যান। এর আগে তিনি তার সন্তান আবদুল্লাহকে স্বামী রায়হানের কাছে রেখে যান।

রায়হান বাচ্চা কোলে নিয়ে বাড়ির বাইরে বের হন। বেলা দেড়টার দিকে রিমা ফেরার সময় বাড়ির কাছে শিশু কোলে স্বামী রায়হানকে দেখতে পান। তখন শিশু আবদুল্লাহ অস্বাভাবিক আচরণ করছিল। তখন রায়হান ছেলেকে কিছু করেছেন সন্দেহে রিমা খাতুন ঝগড়া শুরু করেন।

এ সময় শিশু আবদুল্লাহর অবস্থা আরও খারাপ হলে মাথায় পানি ঢালা হয়। এরপর শিশুটিকে চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করেন।

রিমা খাতুনের সন্দেহ স্বামী রায়হান তার ছেলে আবদুল্লাহকে শ্বাসরোধে হত্যা করেছে। খবর পেয়ে গাবতলীর বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ সময় রিমা তার ছেলেকে হত্যার জন্য স্বামী রায়হানকে দায়ী করেন। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।

গাবতলীর বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, শিশুটির গলায় কোনো আঘাতের চিহ্ন নেই। এরপরও লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এছাড়া কেউ হত্যা মামলা দিলে তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .